জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচেও সহজ জয় পেল ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে জ়িম্বাবোয়ে তোলে ১৩১ রান। জবাবে ১৭ ওভারে ২ উইকেটে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে নেন স্মৃতি মন্ধানারা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জ়িম্বাবোয়ের অধিনায়ক জোসেফিন নকোমো। কিন্তু সুবিধা কাজে লাগাতে পারেনি সফরকারীরা। ভারতের বোলিং আক্রমণের সামনে তাঁদের ব্যাটিং বিপর্যয় হয়। ওপেনার মোডেস্টার মুপাচিকওয়া, নকোমো এবং চিয়েদজ়া ধুরুরু ছাড়া কেউ ক্রিজ়ে দাঁড়াতেই পারেননি। মুপাচিকওয়া করেন ৪৮ বলে ৩৭। মারেন ৭টি চার। নকোমোর ব্যাট থেকে এসেছে ৬৭ বলে ৩৫ রান। ৪টি চার মারেন তিনি। ধুরুরু ৩৯ বলে ২০ রান করেন ৪টি চারের সাহায্যে। জ়িম্বাবোয়ের আর কোনও স্বীকৃত ব্যাটার দু’অঙ্কের রানও করতে পারেননি। ৩৯.৫ ওভারেই শেষ হয়ে যায় সফরকারীদের ইনিংস।
ভারতের সফলতম বোলার বৈষ্ণবী শর্মা ৩৯ রানে ৫ উইকেট নিয়েছেন। ১১ রানে ২ উইকেট সায়ালি সাতঘরের। ২৩ রানে ২ উইকেট নিয়েছেন ক্রান্তি গৌড়।
জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনও চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়নি ভারতীয় দলকে। ওপেনার যষ্টিকা ভাটিয়া ০ এবং তিন নম্বরে নামা হার্লিন দেওল ১৯ রানে আউট হলেও সমস্যা হয়নি। প্রতীকা রাওয়াল এবং শেফালি বর্মা ভারতকে জয় এনে দেন। ওপেন করতে নেমে প্রতীকা ৫৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। ৪টি চার এবং ৩টি ছয় মারেন। মঙ্গলবার শেফালি ব্যাট করতে নামেন চার নম্বরে। তিনি অপরাজিত থাকেন ২৬ বলে ৫১ রান করে। তাঁর ব্যাট থেকে এসেছে ৬টি চার এবং ৩টি ছক্কা। তৃতীয় উইকেটে প্রতীকা-শেফালি জুটির দাপটে ১৭ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল।
আরও পড়ুন:
জ়িম্বাবোয়ের নোমভেলো সিবান্ডা ১৮ রানে ১ উইকেট নিয়েছেন। ২৮ রানে ১ উইকেট লরিন ফিরির।