ভারতীয় ক্রিকেটে আবার চোটের ধাক্কা। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর পরিবর্ত হিসেবে ভারত ‘এ’ দলের সঙ্গে নিউ জ়িল্যান্ড সফরে যাওয়া আকিব নবিকে এক দিনের দলে ডাকা হতে পারে।
কিছু দিন ধরেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন প্রসিদ্ধ। মনে করা হয়েছিল, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ়ে তিনি খেলতে পারবেন। কিন্তু প্রত্যাশা মতো উন্নতি হয়নি প্রসিদ্ধের। ভারতীয় শিবির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে কিউয়িদের বিরুদ্ধে দু’টি টেস্টই জিততে হবে শুভমন গিলদের। টেস্ট সিরিজ়ে প্রসিদ্ধকে বেশি প্রয়োজন। তাই এক দিনের সিরিজ়ে খেলিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
প্রসিদ্ধ রয়েছেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। আগামী ১ নভেম্বর তাঁর সিমুলেশন পরীক্ষা হওয়ার কথা। প্রস্তুতি ম্যাচ খেলিয়ে দেখা হবে, পুরোপুরি ধকল নিতে পারছেন কিনা। ঠিক থাকলে ২ নভেম্বর ফিটনেস পরীক্ষা দিতে হবে প্রসিদ্ধকে। দুই পরীক্ষার ফল সন্তোষজনক হলে বোর্ডের চিকিৎসকেরা প্রসিদ্ধকে খেলার অনুমতি দেবেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘জাতীয় নির্বাচকেরা এবং জাতীয় দলের কোচিং স্টাফেরা টেস্ট সিরিজ়ের জন্য সম্পূর্ণ ফিট অবস্থায় পেতে চান প্রসিদ্ধকে। এক দিনের সিরিজ়ের থেকে প্রসিদ্ধকে টেস্ট সিরিজ়ে বেশি প্রয়োজন হবে।’’
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে এক দিনের সিরিজ়ের জন্য প্রসিদ্ধকে নিউ জ়িল্যান্ডে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ঠিক থাকলে সরাসরি টেস্ট সিরিজ় খেলতে যাবেন। এক দিনের দলে প্রসিদ্ধের পরিবর্ত হিসেবে সুযোগ পেতে পারেন নবি। নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে জম্মু-কাশ্মীরের জোরে বোলারের পারফরম্যান্সে খুশি গৌতম গম্ভীর, প্রজ্ঞান ওঝারা। তাঁকেই এক দিনের দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। বোর্ড সূত্রে খবর, নবির কথা বোর্ড কর্তাদের জানিয়েছেন ওঝা। তবে সরকারি ঘোষণা এখনও হয়নি। ভারত ‘এ’ দল নিউ জ়িল্যান্ডেই রয়েছে। দলে একাধিক জোরে বোলার রয়েছেন। সব দিক খতিয়ে দেখে সরকারি ভাবে ঘোষণা করা হবে। তবে এক দিনের দলে ঢোকার ক্ষেত্রে নবিই এগিয়ে রয়েছেন।