প্রথম দু’ম্যাচের মতো জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় পেলেন স্মৃতি মন্ধানারা। দু’দেশের মহিলা দলের লড়াইয়ে পার্থক্য গড়ে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং শেফালি বর্মা। তবে দেশের হয়ে ৯৯তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ব্যর্থ হলেন বাংলার রিচা ঘোষ। ভারতের ৭ উইকেটে ২১৬ রানের জবাবে জ়িম্বাবোয়ে করল ৭ উইকেটে ১২৪ রান। ভারতীয় দল জিতল ৯২ রানে।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মন্ধানা। কিন্তু মঙ্গলবার তিনি ব্যাট করতেই নামলেন না। সিরিজ় জয় আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় জুনিয়রদের খেলার সুযোগ করে দেন। শেফালির সঙ্গে ওপেন করতে পাঠান অনুষ্কা শর্মাকে। অনুষ্কা শুরুটা ভাল করলেও বড় রান পেলেন না। ২০ বলে ২৮ রান করেন ৪টি চার এবং ১টি ছয়ের সাহায্যে। তবে অন্য প্রান্তে চেনা মেজাজেই ছিলেন শেফালি। ৩৭ বলে ৬৯ রানের আগ্রাসী ইনিংস খেলেন তিনি। শেফালির ব্যাট থেকে এসেছে ৬টি চার এবং ৫টি ছয়। ভারতীয় দলের ইনিংসকে ২০০-র গণ্ডি পার করিয়ে দিলেন হরমনপ্রীত। তাঁর ৪১ বলে ৯১ রানের অপরাজিত ইনিংসে রয়েছে ১০টি চার এবং ৫টি ছক্কা। ভারতের আর কোনও ব্যাটারই প্রত্যাশা মতো খেলতে পারলেন না রায়পুরের ২২ গজে। দলকে এটাই টানলেন প্রাক্তন অধিনায়ক। রিচা (১), নিকি প্রসাদ (৯), দীপ্তি শর্মা (০), অরুন্ধতী রেড্ডি (৪), প্রেমা রাওয়াতেরা (৪) একের পর এক হতাশ করলেন। তা-ও ব্যাট করতে নামলেন না অধিনায়ক মন্ধানা!
জ়িম্বাবোয়ের বোলারদের মধ্যে সফলতম বিলাভড বিজ়া ৫০ রানে ৩ উইকেট নেন। ১৫ রানে ১ উইকেট নায়শা ওয়ানজ়ুরার। ৩৩ রানে ১ উইকেট নোভেলো সিবান্ডার। ৪৫ রানে ১ উইকেট তেন্ডাই মাকুশার।
জবাবে ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জ়িম্বাবোয়েকে কখনই মনে হয়নি জেতার জন্য চেষ্টা করতে। বরং যতটা সম্ভব কম ব্যবধানে হারাই যেন লক্ষ্য ছিল তাদের! শুরুতেই আউট হয়ে যান ওপেনার কেলিস এনধলোভু (০) এবং তিন নম্বরে নামা মডেস্টার মুপাচিকওয়া। ১২ রানে ২ উইকেট হারানোর পর ধরে খেলার চেষ্টা করেন অন্য ওপেনার শার্ন মেয়ার্স এবং চার নম্বরে নামা বিজ়া। ওভার প্রতি রান তোলার কাঙ্ক্ষিত লক্ষ্য তাড়া করার চেষ্টা দেখা যায়নি তাঁদের মধ্যে। ফলে খেলা যত এগিয়েছে জ়িম্বাবোয়ের লক্ষ্য তত কঠিন হয়েছে। মেয়ার্স করলেন ৪৯ বলে ৬০। মারলেন ৪টি চার এবং ৪টি ছয়। বিজ়া করলেন ৫০ বলে ৪৪। ৫টি চার মেরেছেন তিনি। বাকিরা কেউ দু’অঙ্কের রানও করতে পারেননি।
আরও পড়ুন:
ভারতের সফলতম বোলার নন্দিনী শর্মা ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন। ৫ রানে ১ উইকেট নিকির। ১৮ রানে ১ উইকেট দীপ্তির। ১৯ রানে ১ উইকেট ক্রান্তি গৌড়ের। এ ছাড়া ২৬ রান খরচ করে ১ উইকেট নেন অরুন্ধতী।