ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ এরিক টেন হ্যাগ। তাঁর অভিযোগ, রোনাল্ডো দ্বিতীয় দফায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে খেলতে গিয়ে ক্ষতি করেছেন। ক্লাব এবং তাঁকে ডুবিয়েছেন।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দ্বিতীয় দফায় খেলতে গিয়ে তৎকালীন কোচ হ্যাগের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন সিআর সেভেন। যা নিয়ে নানা বিতর্ক হয়। চার বছর আগের সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন নেদারল্যান্ডসের কোচ। তাঁর আক্রমণের কেন্দ্রে সেই রোনাল্ডোই। পর্তুগিজ ফুটবলারের পেশাদারিত্ব এবং ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে প্রবল সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, ব্যক্তিগত সাফল্য এবং তারকা ভাবমূর্তিকে সরিয়ে রেখে যে কোনও ফুটবলারের উচিত দলের স্বার্থকে গুরুত্ব দেওয়া। কিন্তু রোনাল্ডো তা করতেন না। উল্লেখ্য, হ্যাগের সঙ্গে বিবাদের জন্যই ২০২২ সালের বিশ্বকাপের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়েন রোনাল্ডো।
এক সাক্ষাৎকারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ বলেছেন, ‘‘রোনাল্ডো দলকে ডুবিয়েছে। আমায় ডুবিয়েছে। আমি ওকে অনেক বার বলেছিলাম, ‘রোনাল্ডো তোমায় সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সকলে চেষ্টা করছে। কিন্তু তুমি যদি বক্সেই পৌঁছোতে না পার, তা হলে কী করে গোল করবে?’ ও সে সময় উপরে উঠতেই পারত না। বল পেলেও দৌড়তে পারছিল না। বল ছাড়াও দৌড়তে পারত না। প্রস্তুতিতে মনই ছিল না রোনাল্ডোর। ও নিজেকে ম্যাচের জন্য তৈরিই করত না।’’
আরও পড়ুন:
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দ্বিতীয় দফার শুরুটা খারাপ করেননি সিআর সেভেন। ২০২১-২২ মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪টি গোল করেছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতাও হন। কিন্তু হ্যাগ দায়িত্ব নেওয়ার পরই ছবিটা বদলে গিয়েছিল। ক্লাব ছাড়ার আগে ২০২২-২৩ মরসুমে সব মিলিয়ে ১৬টি ম্যাচে তিনটি গোল করেন। ইপিএলের চারটি ম্যাচে রোনাল্ডোকে প্রথম একাদশে রেখেছিলেন হ্যাগ। তা থেকেই দু’জনের বিবাদ চরমে ওঠে।