ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক স্পষ্ট করে দিয়েছেন, এক দিনের দলে ওপেনিংয়ে শুভমন গিল ও রোহিত শর্মাই তাঁদের প্রথম পছন্দ। তবে তার মানে এই নয় যে, যশস্বী জয়সবালের সঙ্গে অন্যায় করা হচ্ছে। যশস্বীকে বার্তা দিয়েছেন গৌতম গম্ভীরের সহকারী।
আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচে খেলেছিলেন যশস্বী। তার পর ইংল্যান্ড সিরিজ়ের দলে জায়গা পাননি। আবার ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দলে নেওয়া হয়েছে তাঁকে। তবে রবিবার থেকে শুরু হতে চলা সিরিজ়ে প্রথম একাদশে যশস্বীর জায়গা পাওয়া কঠিন।
তিরুঅনন্তপুরমে প্রথম এক দিনের ম্য়াচের আগে কোটাক বলেন, “আমাদের দলে প্রতিটা জায়গার জন্য লড়াই হয়। একটা জায়গার জন্য অনেক ক্রিকেটার লড়াইয়ে রয়েছে। আমরা সকলেই জানি যশস্বী সেরা ব্যাটারদের মধ্যে একজন। যখনই ও সুযোগ পায়, ভাল খেলে।”
তবে ভাল খেললেই সকলকে প্রথম একাদশে জায়গা দেওয়া যায় না বলেই জানিয়েছেন কোটাক। তিনি বলেন, “আমরা ওর দক্ষতা, ফর্ম ও মানসিকতা জানি। গৌতমও ওর সঙ্গে অনেক কথা বলে। কিন্তু আমাদের দল সাজাতেও তো হবে। আমাদের দলে তো তিন জন ভাল উইকেটরক্ষক রয়েছে। কিন্তু সুযোগ তো একজনই পাবে। ওপেনারদের ক্ষেত্রেও বিষয়টা একই।”
আরও পড়ুন:
তাই দলে জায়গা পেতে যশস্বীকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন কোটাক। তিনি বলেন, “আমরা কিন্তু যশস্বীর সঙ্গে অন্যায় করছি না। ওকে পরিশ্রম করে যেতে হবে। সুযোগের অপেক্ষা করতে হবে। যখনই সুযোগ পাবে, তা কাজে লাগাতে হবে।”
রোহিত বা কোহলির মতো ক্রিকেটার পাশে থাকায় যশস্বীর আরও সুবিধা হবে বলে মনে করেন কোটাক। সেই সুবিধা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কোটাক বলেন, “দেখুন, অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। দলে কোহলি বা রোহিতের মতো ক্রিকেটার রয়েছে। ওদের কাছে যশস্বী অনেক কিছু শিখতে পারবে। কঠিন পরিস্থিতিতে ভাল ব্যাট করতে পারবে। বিশ্বকাপের দলে যশস্বী হয়তো থাকবে। কিন্তু ও খেলবে কি না, সেটা নির্ভর করছে পরিস্থিতির উপর। আপাতত রোহিত এগিয়ে। তবে সুযোগ এলে আমরা নিশ্চয় যশস্বীকে খেলাব।”