রবিবার থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরু ভারতের। অর্থাৎ, রবিবার থেকেই ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে ভারতীয় দল। তার আগে দলের ক্রিকেটারদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল।
রবিবার তিরুঅনন্তপুরমে প্রথম ম্যাচ। তার পর গুয়াহাটি ও নিউ চণ্ডীগড়ে খেলবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়। তার আগে সাংবাদিক বৈঠকে মর্কেল বলেন, “আমরা আলোচনা করছি। প্রথম একাদশ নিয়ে নানা রকমের বিকল্প তৈরি আছে। সেগুলো পরীক্ষা করে দেখতে হবে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্রিকেটারদের মানসিকতা। রবিবার থেকে যে ক্রিকেটারই ভারতের হয়ে খেলতে নামবে, তাকে চাপে পড়তে হবে। আমি চাই ক্রিকেটারদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে। সেখান থেকে তাদের উঠে দাঁড়াতে হবে। ভাল খেলতে হবে।”
মর্কেলের মতে, এখন থেকেই প্রথম একাদশ বেছে নেওয়া কঠিন। কিন্তু কারা সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত, তা দেখে নেওয়া যায়। তিনি বলেন, “বিশ্বকাপ সবচেয়ে বড় মঞ্চ। তাই এক দিন আগে আপনি ঠিক করতে পারবে না, কে খেলবে। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় থেকে একটা ধারণা আমাদের হবে। বোলারেরা কেমন খেলছে, তা দেখব। কী ভাবে চাপ সামলাতে পারছে তা দেখব। তার পরেই কোনও সিদ্ধান্ত নেব।”
আরও পড়ুন:
ক্রিকেটারদের সামনে একটা মানদণ্ড তৈরি রাখতে চাইছেন প্রধান কোচ গৌতম গম্ভীরের সহকারী। তিনি বলেন, “খুব গুরুত্বপূর্ণ একটা সিরিজ় খেলতে নামছি। আমাদের কথা হয়েছে। কী ভাবে খেলব, সেই পরিকল্পনা করেছি। আশা করছি, আগামী এক সপ্তাহে মাঠে নেমে সেটা বাস্তবে করে দেখাতে পারবে ছেলেরা।”
ঠিক কী রকম চ্যালেঞ্জের মুখে ক্রিকেটারদের ফেলতে চান, সেই উদাহরণও দিয়েছেন মর্কেল। তিনি বলেন, “ধরুন পাটা উইকেটে প্রতিপক্ষের লম্বা জুটি হচ্ছে। কিছুতেই সেই জুটি ভাঙা যাচ্ছে না। সেই পরিস্থিতিতে কী ভাবে অন্য কোনও পরিকল্পনা করে খেলায় ফিরে আসা যায় সেটা দেখতে হবে। বা ব্যাট করতে নেমে ৩০ রানে ৪ উইকেট পড়ে গিয়েছে। সেখান থেকে কি একটা ১০০ রানের জুটি গড়া যাবে? বড় রান করা যাবে? সেই চ্যালেঞ্জ সামলাতে হবে।”