চার বছর পর আবার ভারতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভাল বল করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে উইকেট নিয়েছেন। ৩৬ বছরের পেসারের প্রত্যাবর্তনের পর তাঁকে গৌতম গম্ভীরেরা কী বার্তা দিয়েছেন, তা ফাঁস করলেন দলের বোলিং কোচ মর্নি মর্কেল।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির আগে মর্কেল জানিয়েছেন, কেন আবার জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে ভুবির। তিনি বলেন, “চার বছর পর আবার ভারতীয় দলে ফিরেছে ভুবি। তার একমাত্র কারণ ওর আইপিএলের পারফরম্যান্স। হঠাৎ করেই ও সুযোগ পেয়েছে। মাসখানেক হয়তো অনুশীলনের সময় পেয়েছে। তার পরেই আন্তর্জাতিক ক্রিকেটে নেমে পড়া কঠিন। তাই ধীরে ধীরে ও নিজের ছন্দে ফিরছে।”
ভুবনেশ্বরের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দ্রুত দলের সঙ্গে মানিয়ে নেবেন বলেই মনে করেন মর্কেল। ভারতের বোলিং কোচ বলেন, “ওর অভিজ্ঞতা আছে। দক্ষতা আছে। কিন্তু দিনের শেষে, ক্রিকেটকে সম্মান করতে হবে। সেটা ও করে। ও জানে, এই বয়সে আবার সুযোগ পেয়েছে। নিজের জায়গা পাকা করার চেষ্টা করছে ও। সেই ক্ষমতা ভুবির আছে। ও দ্রুত মানিয়ে নিচ্ছে।”
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে প্রধান কোচ গৌতম গম্ভীর ও তিনি ভুবনেশ্বরকে কী বার্তা দিয়েছেন তা-ও ফাঁস করেছেন মর্কেল। ৩৬ বছরের পেসারকে তাঁরা একটাই কথা বলেছেন। মর্কেল বলেন, “ওকে বলেছি, প্রত্যাশা থাকবে, কিন্তু তা পূরণের জন্য অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই। কিছু প্রমাণ করার দরকার নেই। শুধু নিজের সেরাটা দাও। যে ভাবে এত দিন খেলে এসেছ, সেটাই দেখাও। বাইরে কে কী বলছে তা ভাবার দরকার নেই। নিজের খেলার উপর নজর দাও।”
নিউ জ়িল্যান্ডে আরও তিনটি টি-টোয়েন্টি পাবেন ভুবনেশ্বর। অর্থাৎ, নিজের যোগ্যতা প্রমাণের আরও তিনটি সুযোগ পাবেন তিনি। গত দুই মরসুম আইপিএলে ভুবি যে ছন্দে ছিলেন, সেটা ধরে রাখতে পারলে ভারতের ছোট ফরম্যাটের দলে তাঁর জায়গা আরও কয়েক বছর হতে পারে। সেই লক্ষ্যেই ফিরেছেন। আর সেই পথে প্রধান কোচ ও বোলিং কোচকে পাশে পাচ্ছেন তিনি।