সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক শুভমন গিল। অন্তত ফিল্ডিংয়ের ক্ষেত্রে। ভারতীয় দলের ফিল্ডিং ছিল আতশকাচের তলায়। চাকরি গিয়েছে ফিল্ডিং কোচ টি দিলীপের। নতুন কোচ শুভদীপ ঘোষের পরীক্ষা ছিল গলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ফিল্ডিং চোখে পড়েছে। প্রথম ইনিংসে একহাতে দুর্দান্ত ক্যাচ ধরলেন শুভমন গিল। আউট হয়ে হতবাক ব্যাটারও।
কুলদীপ যাদবের বল সামনের দিকে ডিফেন্স করেন শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু মেন্ডিস। বল ব্যাটে লেগে হাওয়ায় ওঠে। শর্ট কভারে ফিল্ডিং করছিলেন শুভমন। বল তাঁর থেকে অনেকটাই দূরে ছিল। কিন্তু শুভমন ঝাঁপ মারেন। বল মাটিতে পড়ার আগে সুপারম্যানের কায়দায় বাঁ হাতে ছোঁ মেরে তা লুফে নেন তিনি।
ক্যাচ ধরার পর শুভমন-সহ ভারতীয় ক্রিকেটারদের উল্লাসের ধরন বুঝিয়ে দিচ্ছিল, এই ক্যাচের গুরুত্ব কতটা। সাজঘরে বসে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর-সহ বাকিদের মুখেও ছিল হাসি। বিশ্বাস করতে পারছিলেন না মেন্ডিস। সেই ক্যাচের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
তখন ধারাভাষ্য দিচ্ছিলেন সঞ্জয় মঞ্জরেকর। ভারতের প্রাক্তন ক্রিকেটার শুভমনের ক্যাচ দেখে বলেন, “ওয়াও, এই ক্যাচ ধরার কোনও অধিকার ওর নেই। সত্যি বলতে, বল ওর ধরাছোঁয়ার বাইরে ছিল। এমনকি, ব্যাটারও ভেবেছিল বল হাওয়ায় উঠলেও ক্যাচ হবে না। মাঠের ওই জায়গায় আমার দেখা অন্যতম সেরা ক্যাচ।” শুভমনের সেই ক্যাচের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপও।