আউট দিয়ে দিয়েছিলেন আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। ক্রিজ়ে ছেড়ে প্রায় বেরিয়েও গিয়েছিলেন লোকেশ রাহুল। কিন্তু অপর প্রান্তে থাকা দেবদত্ত পডিক্কল তাঁকে রিভিউ নিতে বলেন। দেখা যায়, বেঁচে গিয়েছেন রাহুল। তার পরেই পডিক্কলকে জড়িয়ে ধরেন রাহুল।
ঘটনাটি ঘটে ভারতের দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের শেষ বলে। তার আগের বলেই প্রবাথ জয়সূর্যের বলে ক্রিজ় ছেড়ে বেরিয়ে সামনে ছক্কা মারেন রাহুল। পরের বলটি সামনের পায়ে ডিফেন্স করতে যান তিনি। রাহুল ভেবেছিলেন, বল ঘুরবে। কিন্তু তা সোজা গিয়ে রাহুলের প্যাডে লাগে। শ্রীলঙ্কার ক্রিকেটারেরা এলবিডব্লিউয়ের আবেদন করলে আম্পায়ার আউট দেন।
বল রাহুলের হাঁটুর নীচে লেগেছিল। তিনি ভেবেছিলেন আউট হয়ে গিয়েছেন। ফলে ক্রিজ় ছেড়ে বেরিয়ে যাচ্ছিলে। তখনই তাঁকে ডাকেন পডিক্কল। জানান, রাহুল অনেকটা এগিয়ে খেলেছেন। ফলে তাঁর রিভিউ নেওয়া উচিত। তা শুনে রাহুল রিভিউ নেন। কিন্তু তাঁর মুখ দেখে মনে হচ্ছিল, রিভিউ নষ্ট হবে।
আরও পড়ুন:
যদিও রিভিউতে অন্য ছবি দেখা যায়। বলের ইমপ্যাক্ট লাইনে থাকলেও তা উইকেটের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ফলে বেঁচে যান রাহুল। আম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে হয়। সঙ্গে সঙ্গে পডিক্কলকে জড়িয়ে ধরেন রাহুল। তাঁর মুখ দেখে বোঝা যাচ্ছিল যে, বেঁচে যাওয়ার জন্য পডিক্কলকে ধন্যবাদ দিচ্ছেন তিনি।
সেই সময় ২৫ রানে খেলছিলেন রাহুল। চার ওভার পর সেই জয়সূর্যের বলেই ৩৫ রানের মাথায় আউট হন তিনি। তবে তত ক্ষণে দলের রান ৬৫ হয়ে গিয়েছে। সেই জুটির উপর ভর করে লিড বাড়িয়ে নেয় ভারত।