Advertisement
E-Paper

কতটা গুরুতর অর্শদীপের চোট, বেঙ্গালুরুতে শেষ ম্যাচে খেলতে পারবেন ভারতের পেসার? জবাব দিলেন সতীর্থ সঞ্জু

শামার জোসেফের বল তাঁর বাঁ কাধে লাগার পর আর হাত নাড়াতে পারছিলেন না অর্শদীপ সিংহ। আর ব্যাট করতে পারেননি তিনি। কতটা গুরুতর চোট লেগেছে ভারতীয় পেসারের?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১৩:৪৪
cricket

কাঁধে চোট পাওয়ার পর অর্শদীপ সিংহ। ছবি: পিটিআই।

হায়দরাবাদে ব্যাট করতে নেমে কাঁধে চোট পেয়েছেন অর্শদীপ সিংহ। শামার জোসেফের বল তাঁর বাঁ কাধে লাগার পর আর হাত নাড়াতে পারছিলেন না। আর ব্যাট করতে পারেননি অর্শদীপ। কতটা গুরুতর চোট লেগেছে ভারতীয় পেসারের? বেঙ্গালুরুতে সিরিজ়ের শেষ টি-টোয়েন্টি ম্যাচে কি খেলতে পারবেন তিনি?

এই প্রশ্ন করা হয়েছিল সঞ্জু স্যামসনকে। খেলা শেষে ভারতীয় ব্যাটার বলেন, “অর্শদীপের কাঁধে বরফ লাগানো হচ্ছে। আশা করছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। একটা বল সজোরে ওর কাঁধে লেগেছে। আমরা আশা করছি খুব গুরুতর চোট লাগেনি।”

সঞ্জুর মুখে আশার কথা শোনা গিয়েছে। কিন্তু চোট কতটা গুরুতর বা শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, সেই বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। খালি চোখে দেখে মনে হচ্ছিল, কাঁধে প্রচণ্ড ব্যথা হচ্ছে অর্শদীপের। তবে পরের ম্যাচের এখনও তিন দিন দেরি। ফলে সুস্থ হওয়ার সময় আছে।

অর্শদীপের কাঁধে বল লাগার পর দেখা যায় এক অদ্ভুত ঘটনা। তখন ৯ উইকেট পড়ে গিয়েছিল। ফলে তিন বল বাকি থাকতেই ইনিংস ডিক্লেয়ার করে দেন ভারত অধিনায়ক শ্রেয়স আয়ার। তখন আর জয়ের কোনও সুযোগ ছিল না। ফলে অর্শদীপকে নিয়ে ঝুঁকি নিতে চাননি তিনি। টি-টোয়েন্টিতে এই প্রথম কোনও অধিনায়ক ওভার শেষের আগে ইনিংস ডিক্লেয়ার করেছেন।

আপাতত সিরিজ় ২-২ রয়েছে। বেঙ্গালুরুতে হবে ফয়সালা। এই সিরিজ়ে ভারতীয় বোলারেরা খুব একটা ভাল ফর্মে নেই। দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার অর্শদীপ। ফলে বেঙ্গালুরুতে তাঁকে প্রয়োজন। কিন্তু যা পরিস্থিতি, তাতে অর্শদীপ খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। পেসারের চোট নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

India Vs West Indies Arshdeep Singh Team India Sanju Samson

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy