Advertisement
E-Paper

এশিয়ান গেমসের আগে সমস্যায় ছেলেদের ক্রিকেট দল, ভুল মাপের পোশাক দেওয়া হল শ্রেয়সদের

দিল্লির যে হোটেলে ক্রিকেট দল রয়েছে, সেখানে কিট পৌঁছোলেও অধিকাংশ ক্রিকেটারের পোশাকের মাপে সমস্যা হয়েছে। এশিয়ান গেমসের খেলা শুরুর আগে ক্রিকেটারদের কাছে সঠিক কিট পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে আইওএ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০১
Picture of Cricket

শ্রেয়স আয়ার। — ফাইল চিত্র।

এশিয়ান গেমসের জন্য রবিবার সকালে জাপানের বিমানে উঠবেন শ্রেয়স আয়ারেরা। কিন্তু ভারতীয় খেলোয়াড়দের জন্য এশিয়ান গেমসের নির্দিষ্ট পোশাক পরে যেতে পারবেন না ক্রিকেটারেরা। তাঁদের যেতে টি-টোয়েন্টি নিয়মিত দলের পোশাক পরে। জাপান রওনা হওয়ার আগের দিনও এশিয়ান গেমসের ঠিকঠাক কিট হাতে পাননি শ্রেয়সেরা। এশিয়ান গেমসে যে ক’টি ইভেন্ট থেকে সোনার পদক আসবে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে অন্যতম ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেট। সোনার লক্ষ্যে শ্রেয়সের নেতৃত্বে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু জাপান যাওয়ার আগে গেমসের কিট নিয়ে সমস্যায় পড়েছেন ক্রিকেটারেরা।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিসিসিআই এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) মধ্যে যোগাযোগের অভাবে কিট নিয়ে সমস্যা হয়েছে। তা ছাড়া নির্দিষ্ট সময়ের আগেই জাপানে যাচ্ছে পুরুষদের ক্রিকেট দল। দিল্লির যে হোটেলে ক্রিকেট দল রয়েছে, সেখানে কিট পৌঁছোলেও অধিকাংশ ক্রিকেটারের জামার মাপে সমস্যা রয়েছে। উল্লেখ্য, এশিয়ান গেমসের কিট সরবরাহ করছে জেএসডব্লিউ ইন্সপায়ার। এশিয়ান গেমসের খেলা শুরুর আগে ক্রিকেটারদের কাছে সঠিক কিট পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে আইওএ।

শ্রেয়সেরা কিছুটা আগেই জাপানে চলে যাচ্ছেন। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর উপলক্ষ্যে এই বিশেষ ম্যাচের আয়োজন করা হয়েছে। শ্রেয়সেরা এই ম্যাচ খেলবেন ভারতীয় দলের টি-টোয়েন্টি জার্সি পরে। এশিয়ান গেমসে শ্রেয়সদের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। তার আগেই তাঁরা এশিয়ান গেমসের জার্সি পেয়ে যাবেন। জাপানে শ্রেয়সদের থাকার জন্য নিজেদের খরচে হোটেলের ব্যবস্থা করেছে বিসিসিআই।

Shreyas Iyer BCCI IOA KIT

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy