ব্যাট করতে নামলে প্রতিপক্ষ বোলারদের নিয়ে ছেলেখেলা করে। অথচ মাঠের বাইরে সম্পূর্ণ অন্য এক রূপ। দুই বৈভব সূর্যবংশীকে খুঁজে পেয়েছেন শ্রেয়স আয়ার। বলা ভাল, বৈভবের দুই রূপ দেখতে পেয়েছেন ভারত অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে সেটাই খোলসা করলেন তিনি।
অল্প কয়েক দিনেই শ্রেয়সের মন জিতে নিয়েছে বৈভব। ‘জিয়োস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স বলেন, “আমি সবসময় বৈভবের সঙ্গে কথা বলি। ও মাঠের বাইরে কী করে সেই কথা হয়। সকলে তো ওর ক্রিকেটের কথা বলে, ব্যাটিংয়ের কথা বলে। আমরা সকলেই জানি ও কতটা প্রতিভাবান। কিন্তু মাঠের বাইরে ওর জীবন কেমন সেটা অনেকেই জানে না। তাই ওর পরিবার নিয়ে কথা বলি। যখন ও নিজের ব্যাপারে কথা বলে তখন শুনতে খুব ভাল লাগে।”
শ্রেয়সের মতে মাঠের ভিতরে ও বাইরে বৈভব সম্পূর্ণ আলাদা। ভারত অধিনায়ক বলেন, “ও খুবই চুপচাপ থাকে। কিন্তু মাঠে নামলে সম্পূর্ণ বদলে যায়। খুব মিষ্টি একটা ছেলে। ওর সঙ্গে কথা বলতে খুব ভাল লাগে। সাজঘরে ওর মতো ক্রিকেটার থাকা খুব দরকার।”
আরও পড়ুন:
এশিয়ান গেমসে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন থাকার পরেও ওপেনার হিসেবে জায়গা পেয়েছে বৈভব। তবে কি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও প্রথম একাদশে তাকে দেখা যাবে? সম্ভবত না। তেমনটাই ইঙ্গিত শ্রেয়সের কথায়। তিনি বলেন, “আমাদের দলে দুই বিশ্বকাপজয়ী ওপেনার রয়েছে। ওরা সুযোগ পাওয়ার যোগ্য। বৈভবের বয়স এখন ১৫ বছর। ওর সময় এলে ও ধারাবাহিক ভাবে সুযোগ পাবে। ও দাপট দেখাবে।”
সম্প্রতি এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে সোনা জিতেছে ভারত। ফাইনালে পাকিস্তানকে হারিয়েছে শ্রেয়সেরা। কিন্তু তার পরেও বিশ্রামের সময় নেই। মঙ্গলবার থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামতে হবে তাঁদের। সেই সিরিজ় শেষে যেতে হবে নিউ জ়িল্যান্ড। সেখানেও ছোট ফরম্যাটের সিরিজ় খেলবে ভারত।