কলম্বোর সিনহালিজ় স্পোর্টস ক্লাবের (এসএসসি) মাঠে গরম ছিল প্রচণ্ড । চারপাশে বড় বড় গাছ আর বহুতল থাকলেও স্বস্তি ছিল না। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও মাঠে দাঁড়িয়ে সেই গরমের আঁচ আরও বেশি অনুভূত হচ্ছিল ক্রিকেটারদের। এমন আবহাওয়ার মধ্যেই রবিবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় দল।
শুক্রবারের অনুশীলনে ছিলেন না কে এল রাহুল এবং কুলদীপ যাদব। দলের স্পিন বোলিং কোচ সাইরাজ বহুতুলে জানিয়েছেন, দু’জনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। বাকিরা ব্যাটিং ও বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেন। কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরও উপস্থিত ছিলেন মাঠে।
ব্যাটিং অনুশীলনে প্রথমে নামেন যশস্বী জায়সওয়াল, দেবদত্ত পাড়িকল, ঋষভ পন্থ এবং অধিনায়ক শুভমন গিল। গিলকে বেশ আগ্রাসী মেজাজে দেখা যায়। একের পর এক বড় শট খেলছিলেন তিনি। পরে গম্ভীরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা যায় ভারত অধিনায়ককে। ঋষভ পন্থও আগ্রাসী মেজাজেই ব্যাট করেছেন। ছক্কা হাঁকানোর অনুশীলন করেন তিনি। গরমকে উপেক্ষা করে রীতিমতো আধ ঘণ্টা নেটে আগ্রাসী শট খেলেন তিনি।
রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, সরফরাজ় খান-সহ অন্যরা ব্যাট করেন। অফস্পিনার সারাংশ জৈনকে বেশ কিছুক্ষণ বল করতে দেখা যায়। বাঁ-হাতি ব্যাটসম্যানে ঠাসা শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁকে দলে বিবেচনা করা হবে কি না, সেটাই এখন দেখার। যদিও প্রথম টেস্টে বাঁ-হাতি স্পিনাররাই চাপে ফেলে দিয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং বিভাগকে। মানব সুথারের মতো স্পিনার সাফল্য পেয়েছেন প্রথম টেস্টে। ১০ উইকেট ভারতকে জিতিয়েছেন তিনি। এ বার দেখার দ্বিতীয় টেস্টে তাঁর ঘূর্ণি বিপক্ষ সামলাতে পারে কি না।