এক বছর পরেও ছবিটা বদলাল না। গত বছর পুরুষদের এশিয়া কাপ জেতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেননি সূর্যকুমার যাদবেরা। একই কাজ করলেন হরমনপ্রীত কৌরেরাও। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জেতার পরেও নকভির হাত থেকে ট্রফি নিলেন না তাঁরা।
ম্যাচের শুরু থেকে গ্যালারিতে দেখা যায়নি নকভিকে। দেখে মনে হচ্ছিল, পাকিস্তান ফাইনালে না ওঠায় হয়তো আসেননি তিনি। কিন্তু খেলার শেষ দিকে দেখা যায়, গ্যালারিতে দেবজিৎ শইকীয়া, রাজীব শুক্লের ঠিক পিছনেই বসে রয়েছেন নকভি। তখনই নাটকের ইঙ্গিত পাওয়া যায়।
খেলা শেষ হওয়ার ৪৫ মিনিট পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গত বছর ১ ঘণ্টার বেশি দেরিতে অনুষ্ঠান শুরু হয়েছিল। এবার হয়তো ভারত কী করবে, তা আগে থেকেই ঠিক করা ছিল। নকভিও হয়তো জানতেন, ভারত পুরস্কার নিতে আসবে না। তাই মঞ্চে এশিয়া কাপের ট্রফিই ছিল না। গত বারের ট্রফি এখনও পাননি সূর্যেরা। হরমনপ্রীতেরাও হয়তো ট্রফি পাবেন না।
আরও পড়ুন:
পুরস্কার অনুষ্ঠানের শুরুতে আম্পায়ার, ম্যাচ রেফারি ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের মেডেল দেওয়া হয়। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে রানার্সের চেক তুলে দেন নকভি। তার পরেই সঞ্চালক পারভেজ় মাহরুফ জানিয়ে দেন, এখানেই অনুষ্ঠান শেষ। ভারতীয় ক্রিকেটারদের মঞ্চের আশপাশে দেখাও যায়নি।
গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পর অপারেশন সিঁদুর-এর পর থেকে ভারত ও পাকিস্তান দু’দলের সম্পর্ক তলানিতে। সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ থেকেই করমর্দন বিতর্ক শুরু। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটারেরা। পরে পুরস্কারও নেননি সূর্যেরা। সেই জল অনেক দূর গড়িয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার বার বলার পরেও ট্রফি এ দেশে পাঠাননি নকভি। এবারও সেই একই দৃশ্য দেখা গেল।