গলে জেতার পর কলম্বোতেও শ্রীলঙ্কাকে হারিয়ে চুনকাম করার সুযোগ ছিল ভারতের সামনে। তবে শেষ দিন বিপক্ষের চারটি উইকেটও ফেলতে পারেননি ভারতের বোলারেরা। তবু শুভমন গিলদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন গৌতম গম্ভীর। দলের চারিত্রিক দৃঢ়তায় খুশি তিনি। প্রশংসা করেছেন শ্রীলঙ্কার এক ক্রিকেটারের।
প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে উড়িয়েছিল ভারত। দ্বিতীয় টেস্টেও হারের মুখে ছিল শ্রীলঙ্কা। কিন্তু নির্বিষ, মন্থর পিচ এবং ভারতীয় বোলারদের বিকল্প পরিকল্পনা না থাকায় ম্যাচ ড্র হয়।
শুক্রবার গম্ভীর সমাজমাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “টেস্ট ক্রিকেট খেলার জন্য চারিত্রিক দৃঢ়তা, ধৈর্য এবং মানসিক কাঠিন্য দরকার হয়। সেটাই দেখিয়েছে আমার দলের ছেলেরা। অসাধারণ পারফরম্যান্সের জন্য আলাদা করে প্রশংসা করতেই হবে সোনাল দিনুশার।”
উল্লেখ্য, গলে প্রথম ইনিংসে শতরান এবং দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেছিলেন দিনুশা। কলম্বোয় দুই ইনিংসেই শতরান করেছেন তিনি। তাঁর লড়াইয়ের কারণেই শ্রীলঙ্কা শেষ দিনে লড়াই করে ভারতকে নিশ্চিত জয়ের হাত থেকে বঞ্চিত করেন।
আরও পড়ুন:
দিনুশা ১৩৩ রানে অপরাজিত থাকেন। তিনি ২৬৪টি বল খেলেছেন। আটটি চার এবং দু’টি ছয় মেরেছেন। দল ফলো-অন করার পরেও দুই ইনিংসে শতরানের নিরিখে শ্রীলঙ্কা টেস্টের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার। প্রথম বার এই কাজ করেছিলেন ভারতের বিজয় হজারে। ১৯৪৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে। ২০০১-এ হারারেতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে একই কাজ করেছিলেন জ়িম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার।
সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ়ে ৪২০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন দিনুশা।