Advertisement
E-Paper

ঈশানের চোট, দরজা খুলবে বৈভবের? নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলার দৌড়ে কে কে

ঈশান কিশান চোট পাওয়ায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলকে প্রথম একাদশে পরিবর্তন করতেই হবে। পরিবর্ত হিসেবে দু’জনের নাম শোনা যাচ্ছে। আলোচনায় কি রয়েছে বৈভব সূর্যবংশী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১২:২৮
Picture of Cricket

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

চোটের জন্য নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না ঈশান কিশন। স্বাভাবিক ভাবেই প্রথম একাদশ পরিবর্তন করতে হবে শ্রেয়স আয়ারদের। আলোচনায় রয়েছেন দু’জন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে।

ঈশানের চোট নিঃসন্দেহে ভারতীয় শিবিরের জন্য বড় ধাক্কা। উইকেটরক্ষক-ব্যাটার গুরুত্বপূর্ণ তিন নম্বরে ব্যাট করেন। ওপেনারেরা দ্রুত আউট হলেও ব্যাটিং লাইন আপের উপর চাপ তৈরি হয় না। ঈশান আগ্রাসী ব্যাটিং করতে পারেন। দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারেন। প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পেয়েছেন তিনি। চোট গুরুতর না হলেও ভারতীয় দলের চিকিৎসকেরা ঝুঁকি নিতে চান না।

এই পরিস্থিতিতে কে খেলবেন তাঁর পরিবর্ত হিসেবে? দু’জনের নাম শোনা যাচ্ছে। বৈভব সূর্যবংশী এবং শিবম দুবে। প্রথম ম্যাচে ভারতীয় দলের বোলিং উদ্বেগ তৈরি করেছে। শিবম খেললে শ্রেয়সের হাতে বোলিং আক্রমণের বিকল্প বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা যথেষ্ট। কিন্তু তাঁকে ঈশানের জায়গায় ব্যাট করানো কঠিন। অলরাউন্ডার শিবম ফিনিশার হিসেবে দক্ষ। ভাল ফিল্ডারও। সে ক্ষেত্রে প্রথম ম্যাচের মতোই তিলক বর্মাকে তিন নম্বরে নামানো হতে পারে। চোটের জন্য ঈশানকে ব্যাটিং অর্ডারে পিছিয়ে দেওয়া হয়েছিল প্রথম টি-টোয়েন্টিতে।

ঈশানের পরিবর্তে প্রথম একাদশে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে সুযোগ পেতে পারে বৈভব। সে ক্ষেত্রে অভিষেক শর্মার সঙ্গে বৈভব ইনিংস শুরু করতে পারে। তিন নম্বরে নামতে পারেন সঞ্জু স্যামসন। যদিও এশিয়ান গেমস ফাইনালের পর কোনও ম্যাচ খেলেনি বৈভব। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়েও প্রথম একাদশে সুযোগ পায়নি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও খেলেনি।

ঈশানের পরিবর্তে ক্রাইস্টচার্চে ভারত কাকে খেলাবে, সেই সিদ্ধান্ত ম্যাচের দিন সকালে নেবেন কোচ গৌতম গম্ভীর। লড়াই শিবম এবং বৈভবের। ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও নির্দিষ্ট করে কারও নাম জানাননি। তবে বলেছেন, ঈশানের পরিবর্ত হিসেবে বৈভবের খেলার সুযোগ রয়েছে। তা থেকে মনে করা হচ্ছে, ১৫ বছরের ব্যাটারের খেলার সম্ভাবনাই বেশি। তা হলে প্রায় নিয়মিত ব্যাটিং অর্ডার নিয়েই পরিকল্পা করতে পারবে ভারতীয় শিবির। শিবম খেললে ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন করতে হবে।

India Vs New Zealand T20I Vaibhav Sooryavanshi Shivam Dube Injury

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy