পথদুর্ঘটনায় মৃত্যু দেশের দুই প্রতিভাবান অ্যাথলিটের। গত বুধবার, দশমীর দিন রাতে ওড়িশার কটকে ঘটেছে ঘটনাটি। দুর্ঘটনাস্থল থেকে মৃত্যম জয়রাম এবং মলয় বারিককে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
২১ বছরের জয়রামকে দেশের অন্যতম সেরা উঠতি অ্যাথলিট হিসেবে বিবেচনা করা হত। অনূর্ধ্ব-২৩ ইন্ডিয়া ওপেন অ্যাথলেটিক্সে ১০০ এবং ২০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন তিনি। ওড়িশা রাজ্য চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে রুপো এবং ২০০ মিটারে সোনা জিতেছিলেন। অন্য দিকে, মলয় ২০২৫ সালে অনূর্ধ্ব-২০ ৪x৪০০ মিটার রিলের সোনাজয়ী দলের সদস্য ছিলেন। ওড়িশার রাজ্য মিটে ৪০০ মিটারে রুপো পেয়েছিলেন। একসঙ্গে দুই উঠতি অ্যাথলিটের অপ্রত্যাশিত মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
আরও পড়ুন:
ওড়িশা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পথদুর্ঘটনায় গুরুতর আহত হন দুই অ্যাথলিট। অতিরিক্ত রক্তক্ষরণ এবং গুরুতর আঘাতের কারণেই তাঁদের মৃত্যু হয়। চিকিৎসকেরা চেষ্টা করলেও কাউকেই বাঁচাতে পারেননি। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটে তা জানা যায়নি। একটি বাইকে করে যাচ্ছিলেন দু’জন। অন্য কোনও গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে, না তাঁরাই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান, তা খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী তাঁর শোক বার্তায় বলেছেন, ‘‘জয়রাম এবং মলয়ের মৃত্যু ওড়িশার খেলোধুলোর জন্য গভীর এবং অপূরণীয় ক্ষতি।’’ ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।