আবার খেলার মাঠে খারাপ ঘটনা ঘটল। খেলতে খেলতে প্রাণ হারালেন এক তরুণ। নিজের ওভার শেষ করে ফেরার পথে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরে। সেখানকার একটি তৃতীয় ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতা ‘ভালেসা চেনাব প্রিমিয়ার লিগ’-এর খেলা চলছিল। জিমখানা কিস্তওয়ারের বিরুদ্ধে বাদশা ১১ ভালেসার হয়ে খেলছিলেন সুহেল নামের এক তরুণ।
সুহেলের এক সতীর্থ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দ্বিতীয় ওভার করার পর জুতোর ফিতে বাঁধতে নিচু হয়েছিলেন সুহেল। দাঁড়ানোর পর কিছু ক্ষণ শরীরের ভারসাম্য রাখতে পারছিলেন না তিনি। যদিও কয়েক সেকেন্ড পর তাঁকে দেখে স্বাভাবিক মনে হয়। হাঁটতে শুরু করেন তিনি। কয়েক পা যাওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন সুহেল।
আরও পড়ুন:
সুহেলকে পড়ে যেতে দেখে সতীর্থ ও প্রতিপক্ষ ক্রিকেটারেরা সেখানে ছুটে যান। মাঠে প্রাথমিক চিকিৎসার পর সুহেলকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময়ের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, সুহেলকে নিতে মাঠে ঢুকছে একটি গাড়ি।
সেই গাড়িতে চাপিয়ে সুহেলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্বাভাবিক মৃত্যু না হওয়ায় সুহেলের দেহের ময়নতদন্ত হবে। তার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত করছে পুলিশ।