Advertisement
E-Paper

ফিটনেস পরীক্ষায় পাশ করলেন বুমরাহ, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে স্বস্তি ভারতীয় দলে

ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে নেই হর্ষিত রানা। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য প্রথম টেস্টে অনিশ্চিত ওয়াশিংটন সুন্দরও। নীতীশ রেড্ডি, আকাশ দীপ এবং সাই সুদর্শনেরও চোট রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১৬:৩৮
Picture of Cricket

জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ়ের আগে স্বস্তি ভারতীয় শিবিরে। ফিটনেস টেস্টে পাশ করলেন জসপ্রীত বুমরাহ। ডান হাঁটু ফুলে যাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে পারেননি বুমরাহ। তার পর থেকেই শ্রীল‌ঙ্কা সফরে বুমরাহকে পাওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয়।

নিউ জ়িল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ় হারায় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ়ের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে শুভমন গিলদের কাছে। শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়ে আশা জিইয়ে রাখাই লক্ষ্য ভারতের। স্বভাবতই পূর্ণশক্তির দল নিয়ে সিরিজ় খেলতে চাইছেন শুভমনেরা। সে সময় বুমরাহের চোট উদ্বেগ তৈরি করেছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা ফিট ঘোষণা করায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেই খেলতে পারবেন বিশ্বের অন্যতম জোরে বোলার।

বিসিসিআইয়ের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘বুমরাহের চোট সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষায় পাশও করেছে। আমরা আশা করছি, শ্রীল‌ঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্টই খেলতে পারবে। ওকে পাওয়ায় দলের পরিকল্পনা করতে সুবিধা হবে।’’

বুমরাহ ফিট হয়ে যাওয়ায় স্বস্তি ফিরবে ভারতীয় শিবিরে। ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবেন না হর্ষিত রানা। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নেই ওয়াশিংটন সুন্দরেরও। নীতীশ রেড্ডি, আকাশ দীপ এবং সাই সুদর্শনেরও চোট রয়েছে। নীতীশ এবং সুদর্শনকে খেলানোর চেষ্টা হচ্ছে। আকাশকেও পাওয়ার সম্ভাবনা নেই।

শ্রীলঙ্কা-ভারত প্রথম টেস্ট শুরু হবে ১৫ অগস্ট। আগামী ৪ অগস্ট প্রস্তুতির জন্য শ্রীলঙ্কায় চলে যাবে ভারতীয় দল। প্রথম টেস্টের আগে একটি চার দিনের ম্যাচ খেলবেন শুভমনেরা।

India vs Sri Lanka Test Series Jasprit Bumrah Fitness Shubman Gill

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy