Advertisement
E-Paper

বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইংল্যান্ডের, ১২ বছর আগে শেষ ম্যাচ খেলা ব্যাটারকে উপদেষ্টা পদে আনলেন ম্যাকালামেরা

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সেই দাপট আর নেই। পরের বছর এক দিনের বিশ্বকাপে ভাল ফল করতে এখনই পদক্ষেপ নিতে শুরু করল সে দেশের বোর্ড। প্রাক্তন ক্রিকেটারকে উপদেষ্টা পদে আনা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৬
cricket

কেভিন পিটারসেন। — ফাইল চিত্র।

সাদা বলের ক্রিকেটে অতীতে ইংল্যান্ডের দাপট দেখা গেলেও এখন তা আর নেই। গত কয়েক বছর ধরেই সাদা বলের ক্রিকেটে তাদের পারফরম্যান্স ভাল নয়। পরের বছর এক দিনের বিশ্বকাপে ভাল ফল করতে এখনই পদক্ষেপ নিতে শুরু করল সে দেশের বোর্ড। প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনকে উপদেষ্টা পদে আনা হয়েছে। বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।

ইংল্যান্ডের হয়ে ২০১৪-য় শেষ বার খেলেছিলেন পিটারসেন। তিনি ব্রেন্ডন ম্যাকালামের কোচিং স্টাফে যোগ দেবেন। আগামী ১২ মাস দলের প্রস্তুতির দিকে নজর রাখবেন তিনি।

দায়িত্ব নিয়ে পিটারসেন বলেছেন, “দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের আগে এই দলকে সাহায্য করার সুযোগ পেয়ে আমি গর্বিত। ২০১৪-র পর আবার ইংল্যান্ডের জার্সি পরতে পারা আমার কাছে সম্মানের এবং বিশেষ মুহূর্তের।”

পিটারসেন আরও বলেছেন, “সাদা বলের জন্য প্রতিভাবান দল রয়েছে আমাদের। আমি আরও গভীরে গিয়ে কঠোর পরিশ্রম করতে চাই যাতে ক্রিকেটারদের থেকে প্রতিভার সেরাটা বার করে আনতে পারি। আগামী ১২ মাস ব্রেন্ডনের দলের সদস্য থাকত পারব ভেবে উত্তেজিত। তর সইছে না আমার।”

পিটারসেনকে স্বাগত জানিয়েছেন ম্যাকালামও। তাঁর মতে, পিটারসেনের অভিজ্ঞতা ইংরেজ ব্যাটারদের কাজে লাগবে। ম্যাকালাম বলেছেন, “কেপি-র প্রতি সমীহ রয়েছে আমার। অনেক কিছু অর্জন করেছে ক্রিকেট খেলে। ইংল্যান্ডের ক্রিকেটে ওর প্রভাব অপরিসীম। এ রকম অভিজ্ঞতাসম্পন্ন, জ্ঞানী একজন ক্রিকেটারকে এই ভূমিকায় পাওয়া আমাদের কাছে দারুণ সুযোগ।”

ম্যাকালাম আরও বলেছেন, “ব্যাটারেরা যে ওর সঙ্গে কাজের সুযোগ পাবে এটা ভেবেই আমরা উত্তেজিত। সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য কী দরকার সেটা কেপি ভাল করেই জানে। ক্রিকেটারদের জন্য এই অভিজ্ঞতা অমূল্য হতে চলেছে।”

ম্যাকালামের পাশাপাশি মার্কাস ট্রেসকোথিক, টিম সাউদি, সারা টেলর এবং জিতেন পটেলের সঙ্গে কাজ করবেন পিটারসেন।

Kevin Pietersen england cricket Brendon McCullum

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy