Advertisement
E-Paper

একটু অপেক্ষা করুন! হার্দিকের কেকেআরে আসার জল্পনার মাঝেই পোস্ট কলকাতার আইপিএল দলের

অজিঙ্ক রাহানে আইপিএল থেকেও অবসর নিয়েছেন। ফলে নতুন অধিনায়ক প্রয়োজন কলকাতা নাইট রাইডার্সের। হার্দিক পাণ্ড্যকে নিতে মরিয়া তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ১২:৪৫
cricket

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

হার্দিক পাণ্ড্য কি শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সেই আসবেন? সেই জল্পনা ক্রমশ বাড়ছে। তা বাড়িয়ে দিয়েছে কেকেআরই। অজিঙ্ক রাহানে আইপিএল থেকেও অবসর নিয়েছেন। ফলে নতুন অধিনায়ক প্রয়োজন কলকাতা নাইট রাইডার্সের। হার্দিককে নিতে মরিয়া তারা। এই পরিস্থিতিতে হার্দিককে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছে কেকেআর।

আপাতত বেঙ্গালুরুতে উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) রয়েছেন হার্দিক। সেখানেই রয়েছেন কেকেআরের ক্রিকেটার বরুণ চক্রবর্তীও। জিমে বরুণের ঘাম ঝরানোর একটি ভিডিয়ো পোস্ট করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে, ভার তুলছেন বরুণ। কয়েক সেকেন্ড পর তাঁর পিছনে গিয়ে দাঁড়ান হার্দিক। তিনি বরুণকে নকল করেন। তার পর সেখান থেকে চলে যান।

এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে কেকেআর লিখেছে, ‘একটু অপেক্ষা করুন’। এই পোস্ট থেকে ইঙ্গিত, হার্দিককে নেওয়ার ব্যাপারে হয়তো অনেকটাই এগিয়ে গিয়েছে কলকাতার দল। হার্দিক কেকেআরের এলে বরুণ তাঁরই সতীর্থ হবেন। সেই কারণেই কি হার্দিক বরুণের সঙ্গে মজা করলেন? সেই জল্পনাও শুরু হয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্স যে হার্দিককে রাখবে না, তা গত আইপিএলের শেষ দিকেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে কেকেআরের পাশাপাশি চেন্নাই সুপার কিংসও হার্দিককে নিতে আগ্রহ দেখিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হার্দিকের পুরনো দল গুজরাত টাইটান্সও তাঁকে নিতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু হার্দিকের এক শর্তে সব আলোচনা ভেস্তে যায়।

হার্দিকের শর্ত, তিনি যে দলেই যোগ দেবেন, সেখানে অধিনায়ক হিসাবে খেলবেন। গুজরাতে তা সম্ভব নয়। সেখানে অধিনায়ক শুভমন গিল। গত মরসুমে গুজরাতকে ফাইনালে তুলেছিলেন তিনি। শুভমন ভারতের টেস্ট ও এক দিনের দলেরও অধিনায়ক। ফলে তাঁকে সরাবে না গুজরাত।

একই শর্ত প্রযোজ্য চেন্নাইয়ের ক্ষেত্রেও। সেখানে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। যদি তাঁকে সরানো হয়, তা হলে সঞ্জু স্যামসন রয়েছেন। ফলে সেখানেও হার্দিকের অধিনায়ক হওয়া মুশকিল। কিন্তু কেকেআরে এলে চোখ বন্ধ করে তিনি অধিনায়ক হবেন। তাই হয়তো হার্দিককে নেওয়ার বিষয়ে এগিয়ে কেকেআর।

Hardik Pandya KKR IPL

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy