টেলিভিশনের পর্দায়, খবরের কাগজে বা বিল বোর্ডে আর্লিং হালান্ডের ছবি দেখতে পাওয়া খুবই সাধারণ ঘটনা। কিন্তু যদি সেই ছবি দেখা যায় মাদক পাচারের কাজে ব্যবহার হওয়া বাক্সে! তেমনটাই ঘটেছে।
কোলোম্বিয়া সীমান্তে একটি ট্রাক থেকে কোকেন উদ্ধার করেছে ইকুয়েডর পুলিশ। সেই কোকেনের বাক্সগুলিতে হালান্ডের ছবি লাগানো ছিল। পুলিশ জানিয়েছে, ৪৬৯ কেজি কোকেন উদ্ধার হয়েছে, যার দাম প্রায় ২০০ কোটি টাকা।
নরওয়ের জার্সিতে হালান্ডের ছবির পাশাপাশি বিশ্বকাপের ট্রফিও আঁকা ছিল সেখানে। কিন্তু কেন হালান্ডের ছবি ব্যবহার করা হল? ইকুয়েডর পুলিশ জানিয়েছে, কোন মাদক চক্র এই মাদক পাঠাচ্ছে এবং তা কে কিনছে, তা বোঝার জন্য তারকাদের ছবি ব্যবহার করা হয়। শুধু ফুটবলার নয়, অন্য খেলা ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত তারকাদের ছবিও ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে হালান্ডের ছবি ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন:
মাদকের খবর পেয়ে ইকুয়েডর পুলিশ প্যান-আমেরিকান হাইওয়েতে অভিযান চালায়। সেখানেই একটি ট্রাকের তলায় লুকিয়ে রাখা কোকেন হদিস পায় তারা। এই ঘটনায় মারিয়া আর নামের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তিনিই ওই ট্রাক চালাচ্ছিলেন। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। এই মাদক পাচারের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ করছে পুলিশ।
এ বারের বিশ্বকাপে প্রথম বার খেলতে নেমেই নজর কেড়েছেন হালান্ড। সাতটি গোল করেছেন তিনি। নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি। সেখানে ফ্রান্সের কাছে হারতে হয় তাঁদের।