টি-টোয়েন্টির পর বাংলাদেশের এক দিনের দলেরও অধিনায়ক হলেন লিটন দাস। সাদা বলের দুই ফরম্যাটের ক্রিকেটেই তিনি এখন থেকে নেতৃত্ব দেবেন। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত এক দিনের দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার। এত দিন বাংলাদেশের এক দিনের দলের অধিনায়ক ছিলেন মেহেদি হাসান মিরাজ।
এক দিনের ক্রিকেটে সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালন পর্ষদের বৈঠকের পর সভাপতি তামিম ইকবাল বলেন, ‘‘আমি বিশ্বাস করি আমাদের দু’জন অধিনায়ক থাকা দরকার। সাদা বল এবং লাল বলে আলাদা অধিনায়ক থাকলে ভাল। ক্রিকেটের তিন ফরম্যাটে দু’জন অধিনায়ক রাখার সিদ্ধান্ত বোর্ডের সভায় গৃহীত হয়েছে।’’
২০২৫ সালের জুনে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মিরাজকে এক দিনের দলের অধিনায়ক করেছিল বাংলাদেশ। তাঁর নেতৃত্বে ২৪টি এক দিনের ম্যাচ খেলে বাংলাদেশ ১০টিতে জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ়, পাকিস্তান, নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা চারটি এক দিনের সিরিজ় জেতেন অধিনায়ক মিরাজ। তবে শেষ সিরিজ়ে জ়িম্বাবোয়ের কাছে ১-২ ব্যবধানে হেরে যান। তামিমও অধিনায়ক মিরাজের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘‘অধিনায়ক মিরাজ অত্যন্ত সফল। গত কয়েকটা সিরিজ়ে খুব ভাল করেছে। কিন্তু আমাদের মনে হয়েছে ক্রিকেটার মিরাজকে আমাদের বেশি প্রয়োজন। ওর ব্যাটিং এবং বোলিং প্রত্যাশা মতো হচ্ছে না। আমরা চাই ও চেনা ছন্দে ফিরে আসুক।’’
আরও পড়ুন:
তামিম জানিয়েছেন, মিরাজের সঙ্গে কথা বলেই এক দিনের দলের নেতৃত্বে পরিবর্তন করা হয়েছে। আগের মতোই টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত।