সচিন তেন্ডুলকর, অজিঙ্ক রাহানে এবং মাধব মন্ত্রীকে সম্মানিত করবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। একই সঙ্গে নথিভুক্ত ক্লাবগুলিকে আরও বেশি আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাহায্যের লক্ষ্যে আগামী ১০ বছরের জন্য ৫০০ কোটি টাকার ভর্তুকি তহবিল গঠন করবে এমসিএ।
এমসিএর বার্ষিক সাধারণ সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বইয়ের তৃণমূল স্তরের ক্রিকেট পরিকাঠামো ঢেলে সাজানোর জন্য প্রাথমিক ভাবে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দ থেকে ক্লাবগুলিকে পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক সাহায্য করা হবে। এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক জানিয়েছেন, ধাপে ধাপে আগামী ১০ বছরে অন্তত ৫০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
মুম্বইয়ের তিন প্রাক্তন ক্রিকেটার সচিন, রাহানে এবং মন্ত্রীকেও সম্মানিত করা হবে। মন্ত্রী এমসিএর প্রাক্তন সভাপতিও। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনটি লাউঞ্জ তৈরি করা হবে তাঁদের তিন জনের নামে। এ জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন সংস্থার সহ-সভাপতি জিতেন্দ্র আওহাদ, অ্যাপেক্স কাউন্সিলের সদস্য মিলিন্দ নারভেকর এবং উজ্জ্বল নিকম।