ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের কোচ মাইক হেসন। সাদা বলের ক্রিকেটে শুভমন গিল, শ্রেয়স আয়ারদের পারফরম্যান্সকে মানদণ্ড ধরে বাবর আজ়মদের তৈরি করতে চান হেসন। যদিও তাঁর দাবি, এশিয়ান গেমসে শ্রেয়সদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন সাহিবজ়াদা ফারহানেরা।
ভারতের বিরুদ্ধে শেষ ছ’টি টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। তা-ও এশিয়ান গেমসে ভারত-পাক ম্যাচের ফল নিয়ে আশাবাদী হেসন। যদিও দু’দলের দেখা হতে পারে ফাইনাল অথবা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে। জাপানে যাওয়ার আগে দলের প্রস্তুতি নিয়ে কথা বলার সময় ভারতের প্রশংসাও করেছেন পাকিস্তানের কোচ। তিনি বলেছেন, ‘‘এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারতই মানদণ্ড। ওদের সমকক্ষ হওয়াই আমাদের চ্যালেঞ্জ। আমরা সেরা প্রস্তুতি নিয়েই জাপান যাচ্ছি। যাতে খেলার সুযোগ পেলে ভারতকে চাপে ফেলতে পারি। এশিয়া কাপের ফাইনালে যেমন আমরা ভারতকে চাপে ফেলতে পেরেছিলাম। তবে ফাইনালে মুখোমুখি হওয়ার আগে দু’দলকে অনেক ক্রিকেট খেলতে হবে। আগের ম্যাচগুলো জিততে হবে। এখনই বেশি এগিয়ে ভাবতে চাইছি না।’’
এশিয়ান গেমসে পাকিস্তানের সম্ভাবনা নিয়ে হেসন বলেছেন, ‘‘আমাদের দল ভারসাম্যযুক্ত এবং আগ্রাসী। নতুন প্রতিভাদের জন্য এশিয়ান গেমস দুর্দান্ত মঞ্চ। দক্ষতা প্রমাণের সুযোগ রয়েছে ওদের সামনে। এশিয়ান গেমস সাহিবজ়াদা ফারহানের জন্যও গুরুত্বপূর্ণ। নেতৃত্বের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে।’’
আরও পড়ুন:
হেসন মেনে নিয়েছেন গত এক বছর পাকিস্তানের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। বড় প্রতিযোগিতাগুলির গ্রুপ পর্বেই সমস্যায় পড়েছে। তবে এশিয়ান গেমসে অন্যরকম ফলের আশ্বাস দিয়েছেন তিনি।