নাগোয়া এশিয়ান গেমসে এখনও পর্যন্ত চারটি সোনা পেয়েছে ভারত। প্রথম সোনা এনে দেয় মহিলাদের ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরেরা ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ফাইনালের দলে ছিলেন জি কমলিনী। মহিলাদের আইপিএলের নিলামের আগে তাঁকে দল থেকে ছেঁটে ফেললেন মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।
সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসেবে মহিলাদের আইপিএল খেলার নজির রয়েছে কমলিনীর। ২০২৫ সালে ১৬ বছর ২১৩ দিন বয়সে মুম্বইয়ের হয়ে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ডব্লিউপিএল অভিষেক হয় তাঁর। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের সুবাদে সে বছরই ডিসেম্বরে ভারতীয় দলে ডাক পান কমলিনী। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী দলের সদস্য ছিলেন। দেশের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উইকেটরক্ষক-ব্যাটারের উপর আস্থা রাখতে পারলেন না মুম্বই কর্তৃপক্ষ। ফলে এশিয়ান গেমসে সোনাজয়ী ক্রিকেটারের ডব্লিউপিএল ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল।
ভারতের মহিলা ক্রিকেটে ১৮ বছরের কমলিনী অন্যতম প্রতিভাবান হিসেবে বিবেচিত হন। স্বভাবতই মুম্বই কর্তৃপক্ষ তাঁর মতো জাতীয় দলের ক্রিকেটারকে ছেড়ে দেওয়ায় বিস্মিত ক্রিকেটমহল।
আরও পড়ুন:
নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান কমলিনীকে ছাড়াও ছেড়ে দিয়েছে সাইকা ইশাক, ত্রিবেণী বশিষ্ঠ, মিলি ইলিংওয়ার্থ, ক্রান্তি রেড্ডি এবং পুনম খেমনারকেও। কোচিতে ডব্লিউপিএলের নিলাম হবে আগামী ২৮ অক্টোবর। প্রতিযোগিতা শুরু হবে আগামী বছরের ১৪ জানুয়ারি।