Advertisement
E-Paper

নীরজকে ছাড়াই জ্যাভলিনে জোড়া পদক ভারতের! চোট পেয়েও লং জাম্পে রুপো মুরলির, উষার ৪২ বছরের রেকর্ড ভাঙলেন রামরাজ

ছেলেদের ১৫০০ মিটার দৌড়ে রুপো জিতেছেন গুলবীর সিংহ। মেয়েদের ৫০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পারুল চৌধরির। ছেলেদের ৪x৪০০ মিটার এবং মিক্সড ৪x১০০ মিটার রিলের ফাইনালে ভারত। হকিতে বাংলাদেশকে ১০ গোল হরমনপ্রীত সিংহদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৭
Picture of Sports

(বাঁ দিকে) যশবীর সিংহ এবং রোহিত যাদব (ডান দিকে)। ছবি: পিটিআই।

এশিয়ান গেমসে ছেলেদের জ্যাভলিন থ্রোয়ে প্রত্যাশামতোই শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে সোনা জিতলেন। তবে নীরজ চোপড়ার অনুপস্থিতিতেও ভারতকে জোড়া পদক এনে দিলেন যশবীর সিংহ এবং রোহিত যাদব। লং জাম্পে রুপো পেলেন মুরলি শ্রীশঙ্কর। ৪২ বছর পর ভেঙে গেল মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে পিটি উষার জাতীয় রেকর্ড। নতুন নজির গড়ে ব্রোঞ্জ জিতলেন ভিথ্যা রামরাজ।

চোটের জন্য এশিয়ান গেমস থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছিলেন নীরজ। তিনি থাকলেও শ্রীলঙ্কার পাথিরাগেকে হারিয়ে সোনা জিততে পারতেন কিনা, তা নিয়ে প্রশ্ন ছিল। কারণ, পাথিরাগে এখন বিশ্বের অন্যতম সেরা জ্যাভলিন থ্রোয়ার। নীরজ তাঁর সেরা সময় পিছনে ফেলে এসেছেন। পারলেন না গত অলিম্পিক্সে সোনাজয়ী পাকিস্তানের আরশাদ নাদিমও। বাজিমাত করলেন ভারতের দুই জ্যাভলিন থ্রোয়ারই। এই ইভেন্ট থেকে অন্তত একটি পদক প্রত্যাশিত ছিল। এল দু’টি।

৮৮.৫৫ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতলেন পাথিরাগে। যা তাঁর সেরা পারফরম্যান্সের ধারে কাছেও নয়! জীবনের সেরা পারফর্ম করে রুপো জিতলেন যশবীর। তিনি জ্যাভলিন ছুড়েছেন ৮৫.৭২ মিটার। শেষ থ্রোয়ে তিনি টপকে যান সতীর্থ রোহিতকে। ৮৪.৩৫ মিটার জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ জিতলেন রোহিত। একটা সময় পর্যন্ত একে রোহিত এবং দুয়ে যশবীর ছিলেন। চতুর্থ থ্রোয়ে এক নম্বরে উঠে আসেন পাথিরাগে। ষষ্ঠ থ্রোয়ে .২২ মিটার বেশি জ্যাভলিন ছুড়ে সোনা নিশ্চিত করে নেন। পাকিস্তানের আরশাদ শেষ করলেন চতুর্থ স্থানে। ফর্মে না থাকা আরশাদ ৮০.২৯ মিটার জ্যাভলিন ছুড়েছেন। মরসুমের সেরা পারফরম্যান্স করেও পদক পেলেন না।

ছেলেদের লং জাম্পে পদক দিলেন শ্রীশঙ্কর। দ্বিতীয় চেষ্টায় ৮.০৭ মিটার লাফান শ্রীলঙ্কর। তাতেই এসেছে রুপো। চতুর্থ চেষ্টা করতে গিয়ে পায়ে চোট পান। তার পর আর চেষ্টাই করতে পারেননি। তাতেও তাঁর পদক জয় আটকায়নি। ৮.১৭ মিটার লাফিয়ে সোনা জিতেছেন চিনের শি উহাও। ব্রোঞ্জ উজ়বেকিস্তানের আনভার আনভারভের। তিনি লাফিয়েছেন ৮.০৬ মিটার। এই ইভেন্টে ভারতের ডেভিড সলোমান ৭.৭০ মিটার লাফিয়ে সপ্তম স্থানে শেষ করেছেন।

মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন রামরাজ। ফাইনালে তিনি দৌড় শেষ করেন ৫৪.৭৫ সেকেন্ডে। ব্রোঞ্জ পেয়েছেন রামরাজ। ১৯৮৪ সালের অলিম্পিক্সে ৫৫.৪২ সেকেন্ডে দৌড় শেষ করে জাতীয় রেকর্ড গড়েছিলেন উষা। ৪২ বছর পর ভাঙল তাঁর রেকর্ড। এই ইভেন্টে অনু রাঘবন ৫৫.৮৮ সেকেন্ড সময় নিয়ে পাঁচ নম্বরে শেষ করেছেন। নতুন রেকর্ডের জন্য রামরাজকে অভিনন্দন জানিয়েছেন উষা। তিনি বলেছেন, ‘‘রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। একজন ক্রীড়াবিদের কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। নতুন প্রজন্ম আমাদের তৈরি রেকর্ড ভেঙে দিচ্ছে। দারুণ ব্যাপার। প্রায় ৪৩ বছর পর আমার একটা রেকর্ড রামরাজ ভেঙেছে। নিজের রেকর্ড ভাঙতে দেখা আমার কাছে দারুণ মুহূর্ত। রেকর্ড কত দিন টিকে থাকল গুরুত্বপূর্ণ নয়। রেকর্ড কত জনকে অনুপ্রাণিত করতে পারছে, সেটাই আসল। রামরাজকে অভিনন্দন।’’

এ ছাড়া ছেলেদের ১৫০০ মিটার দৌড়ে ৩ মিনিট ৩৬.৭২ সেকেন্ড সময় করে রুপো জিতেছেন গুলবীর সিংহ। এটাই তাঁর সেরা পারফরম্যান্স। এই ইভেন্টে ৩ মিনিট ৩৬.৩৫ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জাপানের কাজ়ুতো ইজ়াওয়ার। মেয়েদের ৫০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেয়েছেন পারুল চৌধরি।

ছেলেদের ৪x৪০০ মিটার রিলেতে হিটে সেরা সময় করে ফাইনালে উঠেছে ভারতীয় দল। ৩ মিনিট ১.৪৯ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেছে ভারতীয় দল। মিক্সড ৪x১০০ মিটার রিলের ফাইনালে উঠেছে ভারত। মেয়েদের ৮০০ মিটারের ফাইনালে পৌঁছেছেন পূজা। মেয়েদের ৪x১০০ মিটার রিলেতে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে ভারতের। ছেলেদের হকির গ্রুপের ম্যাচে বাংলাদেশকে ১০-০ ব্যবধানে হারিয়েছেন হরমনপ্রীত সিংহেরা।

শুটিংয়ে মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে রুপো পেয়েছেন এষা সিংহ। কুরাশে মেয়েদের ৭৮ কেজি বিভাগে ব্রোঞ্জ পিঙ্কি বলহারার। এই প্রথম এশিয়ান গেমসে কুরাশে পদক পেল ভারত। বক্সিংয়ে পদক নিশ্চিত করেছেন লভলিনা বরগোঁহাই, প্রিয়া এবং কপিল পোখারিয়া। স্কোয়াশের দলগত ইভেন্টে ছেলেরা হারিয়েছে দক্ষিণ কোরিয়া এবং চিনকে। মেয়েরা জয় পেয়েছে চিন এবং জাপানের বিরুদ্ধে। টেনিসে মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডেই হেরে গিয়েছে ভারতের অঙ্কিতা রায়না-রুতুজা ভোঁসলে জুটি। ছেলেদের ভলিবলে গ্রুপের ম্যাচে হংকংকে হারিয়েছে ভারত। এগিয়েছেন ভারতীয় তিরন্দাজেরাও।

Javelin Long Jump Hockey Medals

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy