বড় বিপদের হাত থেকে বাঁচল ভারতীয় ক্রিকেট দল। বলা ভাল, বাঁচলেন রোহিত শর্মা। রবিবার গুরুতর চোট পেতে পারতেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তেমন কিছু না হওয়ায় স্বস্তিতে শুভমন গিলেরা।
রবিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। শুভমন এবং বিরাট কোহলি শতরান করেন। ৮ উইকেটে ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে হোটেলে ফিরছিল ভারতীয় দল। সে পর্যন্ত সব ঠিক ছিল। বাস হোটেলে পৌঁছোনোর পর ঘটে বিপত্তি। বাস থেকে নামতে গিয়ে পড়ে যান রোহিত। বাসের সিঁড়িতে তাঁর পা হড়কে যায়। দু’ধাপ হড়কে সরাসরি রাস্তায় পড়ে রোহিতের পা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন হোটেলের কয়েক জন কর্মী এবং নিরাপত্তাকর্মীরা। তাঁরা ধরে ফেলেন রোহিতকে। তাঁর বড় কোনও চোট লাগেনি। স্বাভাবিক ভাবে হেঁটেই হোটেলে ঢোকেন। রোহিতের পড়ে যাওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
রোহিতের আগেই বাস থেকে নেমে গিয়েছিলেন কোহলি। কিছু এগিয়ে সতীর্থদের জন্য অপেক্ষা করছিলেন। রোহিতকে পড়ে যেতে দেখে তিনিও কিছুটা অবাক হয়ে যান। তবে তেমন কিছু না হওয়ায় উদ্বেগমুক্ত কোহলি-সহ ভারতীয় শিবির। সে সময় হোটেলের কর্মীরা ভারতের জয় উদ্যাপন করছিলেন। ক্রিকেটারদের হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছিলেন। কোহলির পাশে দাঁড়িয়ে থাকা বোলিং কোচ মর্নি মর্কেলের চোখ ছিল সে দিকেই। তবে কোহলির নজর ছিল সতীর্থদের দিকেই।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় থেকে আগামী বছরের বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। দুই সিনিয়র ব্যাটার কোহলি এবং রোহিতের দিকে আলাদা নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদেরও। রবিবার কোহলি ৮৮ বলে ১৩৯ রানের অপরাজিত ইনিংস খেললেও রোহিত করেন ৩৫ বলে ৩২। আবার ভাল শুরুর করার পরও বড় রান পাননি রোহিত।