বারাণসীতে তৈরি হয়েছে নতুন ক্রিকেট স্টেডিয়াম। ৩১ একর জমির উপর ৪৫০ কোটি টাকায় তৈরি হয়েছে এই স্টেডিয়াম। পরের সপ্তাহে একটি দল সেখানে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা খতিয়ে দেখবে স্টেডিয়াম। তার পরেই অনুমতি দেওয়া হবে। যদি বোর্ডের অনুমতি পাওয়া যায়, তা হলে সেখানে শুরু হবে ক্রিকেট ম্যাচ।
উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা চাইছে, দ্রুত সেখানে ম্যাচ শুরু করতে। বোর্ডের অনুমতি পেলে শুরুতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ম্যাচ শুরু হবে। পরের বছর মহিলাদের আইপিএল সেখানে আয়োজন করতে চাইছে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা।
উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার এক আধিকারিক বলেন, “কাজ শেষ হয়ে গিয়েছে। তবে প্রতিযোগিতামূলক ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি লাগবে। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা চাইছে কিছু অনূর্ধ্ব-১৯ ম্যাচ শুরু করতে। তাতে পিচের চরিত্র পরীক্ষা হয়ে যাবে। পরের সপ্তাহে বিসিসিআই একটি দল পাঠাবে। তারা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে। আশা করছি পরীক্ষায় আমরা পাশ করে যাব।”
৩১ একর জায়গার উপর তৈরি এই স্টেডিয়ামের কিছু বিশেষত্ব রয়েছে। সেখানে ফ্লাডলাইট তৈরি হয়েছে শিবের ত্রিশুলের আদলে। মিডিয়া সেন্টার তৈরি হয়েছে শিবের ডমরুর আদলে। স্টেডিয়ামের ছাদ তৈরি হয়েছে শিবের মাথায় থাকা চাঁদের আদলে। বারাণসী শিবের জায়গা। সেই কারণেই স্টেডিয়ামে এই বিশেষত্ব।
আরও পড়ুন:
স্টেডিয়ামে ৩০,০০০ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। নিকাশি ব্যবস্থাও নাকি বেশ উন্নত। ভারী বৃষ্টি হলেও ৩০ মিনিটের মধ্যে মাঠ শুকিয়ে ফেলা যাবে।
বর্তমানে উত্তরপ্রদেশে দু’টি আন্তর্জাতিক স্টেডিয়াম রয়েছে। একটি কানপুর। অপরটি লখনউ। বারাণসীর স্টেডিয়াম বোর্ডের অনুমতি পেলে সেটি হবে এই রাজ্যের তৃতীয় স্টেডিয়াম।