প্যারা এশিয়ান গেমসে ভাল পারফরম্যান্সের মাঝেই মুখ পুড়ল ভারতের। এক হোটেলকর্মীকে যৌন হেনস্থার অভিযোগে এক সাঁতারুকে আটক করে জাপানের পুলিশ। পরে তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। জানা গিয়েছে, আজীবন নির্বাসিত করা হতে পারে তাঁকে।
ভারতীয় সাঁতারুর নাম মহম্মদ শামস আলম শেখ। এক সময় নিজের ইভেন্টে বিশ্বের ১ নম্বর ছিলেন ৪০ বছরের শামস। মঙ্গলবার তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতের প্যারালিম্পিক্স কমিটি তাঁর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে।
জাপানের নাগোয়ায় ভারতীয় দলের সঙ্গে থাকা প্যারালিম্পিক্স কমিটির এক আধিকারিক পুরো বিষয়টি সামলেছেন। তিনিই ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে পুরো ঘটনাটি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনা বরদাস্ত করা হবে না। আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সময় এই ধরনের ব্যবহারের কোনও ক্ষমা নেই।
ওই আধিকারিক বলেন, “প্যারা এশিয়ান গেমসে অংশ নেওয়া গোটা ভারতীয় দলকে অসম্মানিত করেছে শামস। ওর এই কাজের কোনও ক্ষমা নেই। আজীবন নির্বাসনের থেকে কম শাস্তি ও পাবে না।”
আরও পড়ুন:
সোমবার এই ঘটনাটি ঘটেছে। হোটেলের এক মহিলাকর্মী নিজের কাজ করছিলেন। তখনই শামস তাঁর যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। ওই কর্মীর অভিযোগের পর ভারতের শেফ দ্য মিশনকে পুরো বিষয়টি জানানো হয়। ভারতীয় আধিকারিকেরা হোটেলে পৌঁছে দেখেন, পুলিশ আগে থেকেই উপস্থিত। তারা শামসকে গ্রেফতার করে স্থানীয় আদালতে পেশ করার কথা বলে।
ভারতীয় আধিকারিকেরা লিখিত ক্ষমাপ্রার্থনা করেন। সেই রাতেই শামসকে অন্য একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। পরের দিনই তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়। তার পরেই তাঁর বিরুদ্ধে তদন্ত করছে প্যারালিম্পিক্স কমিটি। শীঘ্রই তাঁর বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হবে।