ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ়ের জন্য দু’টি দল ঘোষণা করল নিউ জ়িল্যান্ড। একটি দল খেলবে প্রথম তিনটি ম্যাচ। চতুর্থ এবং পঞ্চম এক দিনের ম্যাচ খেলবে আর একটি দল। চোটের জন্য টি-টোয়েন্টি সিরিজ়ের দলে না থাকা রাচিন রবীন্দ্রকে একটি দলে রাখা হয়েছে।
মিচেল স্যান্টনারের নেতৃত্বে দু’টি দল ঘোষণা করা হয়েছে। গত কয়েক মাসে নিউ জ়িল্যান্ডের বেশ কয়েক জন ক্রিকেটার চোট পেয়েছেন। সামনে ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ় রয়েছে। এক বছর পর রয়েছে এক দিনের বিশ্বকাপ। টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার দৌড়েও রয়েছে কিউয়িরা। সব মিলিয়ে সামনে ঠাসা সূচি। ক্রিকেটারদের চোট-আঘাত থেকে বাঁচাতে তাঁদের ধকলের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন নিউ জ়িল্যান্ডের কর্তা এবং নির্বাচকেরা। সে কারণেই পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ়ে ভাগ করে খেলানো হবে ক্রিকেটারদের। তা ছাড়া ভারতের বিরুদ্ধে বেশি সংখ্যক ক্রিকেটারকে দেখে নেওয়ার সুযোগও থাকবে।
ফিন অ্যালেন, টিম সেইফার্ট, লকি ফার্গুসন, রাচিনদের মতো প্রথম সারির ক্রিকেটারদের রাখা হয়েছে দলে। অ্যালেন এবং ফার্গুসন দীর্ঘ দিন এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। ২০২৩ সালের পর তাঁরা দু’জন একসঙ্গে আবার নিউ জ়িল্যান্ডের এক দিনের দলে জায়গা পেলেন। ফার্গুসন শেষ এক দিনের ম্যাচ খেলেছেন গত বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে মুম্বইয়ে। সেইফার্ট শেষ এক দিনের ম্যাচ খেলেছেন ১৮ মাস আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে। কাঁধের চোটের জন্য টি-টোয়েন্টি সিরিজ় থেকে ছিটকে যাওয়া রাচিনকে রাখা হয়েছে প্রথম তিনটি ম্যাচের দলে। শেষ দু’টি টেস্টে সাত জন ক্রিকেটারকে নেওয়া হয়েছে। প্রথম তিন ম্যাচের সাত ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে দু’টেস্টের সিরিজ়ের কথা মাথায় রেখে। উল্লেখ্য, ভারত-নিউ জ়িল্যান্ড পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ় শুরু হবে ৪ নভেম্বর থেকে। নভেম্বরের প্রথম সপ্তাহে টেস্ট সিরিজ়ের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করবে নিউ জ়িল্যান্ড।
আরও পড়ুন:
প্রথম তিনটি এক দিনের ম্যাচের দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম (উইকেটরক্ষক), ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়ং এবং ব্লেয়ার টিকনার।
শেষ দু’টি এক দিনের ম্যাচের দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ফিন অ্যালেন, ক্রিস্টিয়ান ক্লার্ক, জেকব ডাফি, ম্যাট ফিশার, লকি ফার্গুসন, মিচ হে (উইকেটরক্ষক), নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ব্লেয়ার টিকনার এবং উইল ইয়ং।