আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর ক্লাবের হয়ে প্রথম খেলতে নেমেই জোড়া গোল লিয়োনেল মেসির। মেজর লিগ সকারের ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। দলের চারটি গোলের দু’টি মেসির। অন্য দু’টি গোল লুই সুয়ারেজের।
চার দিন আগে বেনিনের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এমএল টেন। সেই ম্যাচে একটি গোল করেছিলেন তিনি। তবে ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে দু’টি গোল করলেন। মেসি বুঝিয়ে দিলেন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও তাঁর দক্ষতার ধার এখনও কমেনি। মায়ামির হয়ে প্রথম গোল করেন সুয়ারেজ। ম্যাচের ৩ মিনিটে বাঁ পায়ের শটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন উরুগুয়ের প্রাক্তন অধিনায়ক। ৩৯ মিনিটে দ্বিতীয় গোল করে মায়ামিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। তাঁর দু’টি গোলের ক্ষেত্রেই অবদান রয়েছে বেরতেরামের।
প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়েন মেসিরা। এর পর দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসি ম্যাজিক। ৪৭ মিনিটে সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে মায়ামিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। দ্বিতীয় গোলের সময় দেখা গিয়েছে মেসির ফুটবল দক্ষতার ঝলক। ইউনাইডেটের তিন ফুটবলারকে কাটিয়ে দুর্দান্ত গোল করেন লিয়ো। তাঁর কাছ থেকে ঠিক যেমন গোল দেখার অপেক্ষায় থাকেন ফুটবলপ্রেমীরা। এ বারের লিগে মেসির গোল সংখ্যা হল ২৩টি।
ইউইনাইটেডের বিরুদ্ধে জয়ের পর ২৮ ম্যাচে মায়ামির পয়েন্ট ৪৯। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।