নির্বাচকেরা আর তাকান না। ঘরোয়া ক্রিকেট বা আইপিএলে যত ভালই খেলুন না কেন, ভারতীয় দলের দরজা প্রায় বন্ধ হয়ে গিয়েছে তাঁর জন্য। কিন্তু হাল ছাড়তে নারাজ ভুবনেশ্বর কুমার। এখনও ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন তিনি।
শেষ বার ২০২২ সালে ভারতীয় দলে খেলেছেন ভুবি। তার পর থেকে ব্রাত্য তিনি। কিন্তু এখনও স্বপ্ন দেখেন। ইনস্টাগ্রামে একটি ভিডিয়োয় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এখনও কি তিনি ভারতীয় দলে খেলতে চান? জবাবে পেসার বলেন, “কেন ফিরতে চাইব না? আমারও তো ভারতের হয়ে খেলতে ইচ্ছা করে।”
উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগে একটি ম্যাচে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ভারতীয় দলে ফিরতে পারলে কি আবার সেই বোলিং করতে চান তিনি? ভুবনেশ্বর বলেন, “করতে পারলে তো ভালই লাগবে। সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব।”
ভুবনেশ্বরের সঙ্গে রয়েছে আইপিএলের পারফরম্যান্স। গত মরসুমে ২৮ উইকেট নিয়েছেন তিনি। বেগনি টুপির তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন ভুবি। রজত পাটীদার, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পর পর দু’বার আইপিএল জেতানোর নেপথ্যে বড় ভূমিকা ছিল তাঁর।
আরও পড়ুন:
তার পরেও অবশ্য ভারতীয় দলে ডাক পাননি তিনি। আইপিএলের পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলেছে ভারত। সামনে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ় রয়েছে। তার পর এশিয়ান গেমস। কোনও দলেই নেই ভুবি। তার পরেও স্বপ্ন দেখা ছাড়ছেন না তিনি।
একই রকম হাল মহম্মদ শামির। ঘরোয়া ক্রিকেটে যত ভাল পারফরম্যান্সই করুন না কেন, জাতীয় দলে জায়গা পান না। তাতে দমে যাননি শামি। তিনি জানিয়েছেন, তাঁর কাজ ভাল খেলা। বাকিটা তাঁর হাতে নেই। সেই একই মন্ত্রে এগিয়ে চলেছেন ভুবি।