প্রায় এক দশক ধরে ভারতীয় দলে নিয়মিত খেলেছেন মহম্মদ শামি। সেই সময় অনেক ক্রিকেটারের সঙ্গে ভাগ করে নিয়েছেন সাজঘর। একসঙ্গে খেলতে যাওয়া, সময় কাটানোর সুবাদে বন্ধুত্বও হয়েছে। সতীর্থদের মধ্যে সবচেয়ে মজার কে ছিলেন? এই প্রশ্নের জবাব দিয়েছেন শামি।
একটি সাক্ষাৎকারে শামিকে প্রশ্ন করা হয়, তাঁর সতীর্থদের মধ্যে কে এমন ছিলেন, যিনি খুব তাড়াতাড়ি সকলের মন ভাল করে দিতেন। এক মুহূর্ত সময় না নিয়ে শামি শিখর ধবনের নাম নেন। শামি জানিয়েছেন, ম্যাচের পরিস্থিতি যা-ই হোক না কেন, শিখর সবসময় মজায় থাকতেন। শুধু নিজে নন, বাকিদেরও মজায় রাখতেন তিনি।
উদাহরণও দিয়েছেন শামি। তিনি বলেন, “শিখর খুব মজার মানুষ। ও অদ্ভুত সব কাণ্ড ঘটাত। ধরুন, আমরা ম্যাচ হেরে গিয়েছি। সকলে সাজঘরে বসে। প্রত্যেকের মনখারাপ। শিখর হঠাৎ জোরে জোরে হাসতে শুরু করে দিল। তখন কেউ জিজ্ঞাসা করল যে, কেন হাসছ? জবাবে শিখর বলল, ‘কারণ, আমরা হেরে গিয়েছি’। ও এই ধরনের অনেক কাণ্ড করত।”
আরও পড়ুন:
শিখরের আরও একটি অদ্ভুত কাণ্ডের কথা জানিয়েছেন শামি। তিনি বলেন, “আরও একটা ঘটনা বলি। আমরা হেরে সাজঘরে বসে আছি। হঠাৎ পঞ্জাবি গান চালিয়ে শিখর টেবিলের উপর চেপে নাচতে শুরু করল। মুহূর্তের মধ্যে সাজঘরের পরিবেশ বদলে গেল। খেলায় তো হার-জিত থাকেই। কিন্তু যাতে কেউ সাজঘরে মনখারাপ করে বসে না থাকে, সেটা ওর নজরে থাকত। ও আমার দেখা সহচেয়ে মজার মানুষ।”
শামি দীর্ঘদিন ভারতের জাতীয় দলে সুযোগ পাননি। আর পাবেন, সেই সম্ভাবনাও কম। কিন্তু নিজের কাজ করে চলেছেন তিনি। পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে নামবেন পেসার। ভারতের প্রাক্তন পেসার জাহির খান শামিকে পরামর্শ দিয়েছেন, নিজের কাজ করে যেতে। তাঁর হাতে যেটা রয়েছে, সেটা নিয়েই ভাবতে।