আইপিএলের নিলামের আগে সব ফ্র্যাঞ্চাইজ়িই দল গুছিয়ে নিচ্ছে। কখনও সরাসরি টাকা দিয়ে ক্রিকেটার কেনা-বেচা হচ্ছে। আবার কখনও ক্রিকেটার অদল-বদল হচ্ছে। এ বার সৌরভ গঙ্গোপাধ্যায়র দিল্লি ক্যাপিটালস ও সানরাইজ়ার্স হায়দরাবাদ নিজেদের মধ্যে ক্রিকেটার কেনা-বেচা করল।
দিল্লি থেকে হায়দরাবাদে গেলেন টি নটরাজন। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত হায়দরাবাদেই ছিলেন নটরাজন। সেখানেই ২০২৪ সালে ১৯ উইকেট নেওয়ার পর নিলামে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় বাঁহাতি পেসারকে কিনেছিল দিল্লি। কিন্তু গত দুই মরসুমে আহামরি কিছু করতে পারেননি তিনি। ফলে নটরাজনকে ৫ কোটি টাকায় আবার হায়দরাবাদের কাছে বিক্রি করে দিল তারা।
নটরাজনের বদলে জিশান আনসারিকে দিল্লিতে পাঠিয়েছে হায়দরাবাদ। আইপিএলে দক্ষিণের রাজ্যের দলের হয়েই নজর কেড়েছিলেন আনসারি। ২৬ বছরের স্পিনার আগামী বছর দিল্লির হয়ে খেলবেন। ৪০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল হায়দরাবাদ। সেই টাকাতেই দিল্লিতে যাচ্ছেন আনসারি।
গত মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, আগামী মরসুমে দলের কোচ হচ্ছেন সৌরভ। একটি ভিডিয়ো বার্তায় তারা জানিয়েছে, সৌরভ ২০২৭ আইপিএলে তাদের প্রধান কোচ হচ্ছেন। গত দু’বছর, অর্থাৎ, ২০২৫ এবং ২০২৬ সালে এই দায়িত্বে ছিলেন হেমঙ্গ বাদানি।
আরও পড়ুন:
জেএসডব্লিউ এবং জিএমআর-এর যৌথ মালিকানাধীন দিল্লি ক্যাপিটালস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভকে ফ্র্যাঞ্চাইজ়ির প্রধান কোচ হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেছে। দায়িত্ব নিয়েই প্রয়োজন অনুযায়ী দল গোছাতে শুরু করে দিয়েছেন সৌরভ।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সৌরভের পথচলা শুরু হয়েছিল ২০১৯ সালে, যখন তিনি ফ্র্যাঞ্চাইজিটিতে উপদেষ্টা হিসেবে যোগ দেন। বেশ কয়েক বছর ধরে তিনি ক্যাপিটালস পরিবারের ছেলে ও মেয়ে দুই দলেরই 'ডিরেক্টর অব ক্রিকেট'-সহ একাধিক নেতৃত্বস্থানীয় দায়িত্ব সামলেছেন। এ বার আইপিএলে কোচের ভূমিকায় দেখা যাবে সৌরভকে।