Advertisement
E-Paper

বিতর্কে পাক ক্রিকেটার, ভিসার আবেদনে অসত্য তথ্য দিয়ে দু’বছরের জন্য নিষিদ্ধ অলরাউন্ডার, ছাঁটাই ওয়েস্ট ইন্ডিজ় সফরের দল থেকেও

ওয়েস্ট ইন্ডিজ় সফরের দলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল পাকিস্তানের হামজ়া নজ়রের। ভিসার আবেদন করতে বলেছিল পাক বোর্ড। কিন্তু নজ়রের দেওয়া তথ্যে নানা অসঙ্গতি পাওয়ায় ভিসার আবেদন খারিজ হয়ে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৬ ১৬:০৬
Picture of Cricket

হামজ়া নজ়র। ছবি: এক্স।

ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগে দু’বছরের জন্য নিষিদ্ধ হলেন পাকিস্তানের অলরাউন্ডার হামজ়া নজ়র। তাঁকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভিসার আবেদন করেছিলেন তিনি। সে সময় ভুল তথ্য দেন।

ওয়েস্ট ইন্ডিজ় সফরের দলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল নজ়রের। তারই প্রস্তুতি হিসাবে তাঁকে ভিসার আবেদন করতে বলেছিল পিসিবি। সেই মতো নজ়র বোর্ডের মাধ্যমেই ভিসার আবেদন করেন। তাঁর দেওয়া তথ্যে অসঙ্গতি পাওয়ায় ভিসার আবেদন খারিজ হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ়ের সংশ্লিষ্ট দেশগুলির দূতাবাস বিষয়টি জানায় পিসিবিকে। তার পর ওয়েস্ট ইন্ডিজ়গামী পাকিস্তান দলে নজ়রকে রাখা হয়নি।

অভিযোগের ভিত্তিতে নজ়রের বিরুদ্ধে তদন্ত শুরু করে পিসিবি। গঠন করা হয় তিন সদস্যের কমিটি। কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। পিসিবি সূত্রে খবর, নজ়র অসম্পূর্ণ এবং অসত্য তথ্য দিয়েছিলেন। কিছু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় নথিও দেননি। কমিটির তদন্ত রিপোর্ট পাওয়ার পর নজ়রকে দু’বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে পিসিবি। এই সময়ে ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবেন না তরুণ অলরাউন্ডার। একই সঙ্গে তাঁকে ১০ লাখ পাকিস্তানি টাকা (প্রায় ৩ লাখ ৪২ হাজার ভারতীয় টাকা) জরিমানা করা হয়েছে।

পিসিবি বলেছে, ‘‘ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা, তথ্য গোপন করার মতো বিষয়গুলি অত্যন্ত গুরুতর। সততা, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পাকিস্তানের মর্যাদা এবং ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছু বরদাস্ত করে না পিসিবি। সংস্থা এবং ক্রিকেটের ভাবমূর্তি বজায় রাখতে আমরা দায়বদ্ধ। ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর কোনও ব্যক্তির পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা কাম্য নয়।’’

পাকিস্তানের অন্যতম তরুণ প্রতিভাবান অলরাউন্ডার হিসাবে বিবেচনা করা হয় নজ়রকে। ভিসার আবেদনে অসম্পূর্ণ এবং অসত্য তথ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটজীবনকে শুরুতেই অনিশ্চিত করে তুললেন তিনি।

Pakistan Cricket VISA Banned PCB

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy