ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ়ে চুনকাম হয়ে দেশে ফিরেছে পাকিস্তান। তিনটি টেস্টেই তারা খারাপ ভাবে হেরেছে। যদিও সিরিজ়ে নজর কেড়েছেন পাকিস্তানের বোলার রাজ়াউল্লাহ। তবে দেশে ফেরার পর যে ভাবে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছে, তাতে খুশি নন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। তাঁর মতে, মুখ লুকিয়ে বাড়ি ফেরা উচিত ছিল রাজ়াউল্লাহের।
পাকিস্তান চুনকাম হলেও রাজ়াউল্লাহকে বীরের মতো বরণ করা হয়েছে তাঁর শহরে। তা দেখে খুশি হননি আক্রম। তিনি বলেছেন, “একটু তো মুখ লুকিয়ে যাও। নিজের বাড়িতে গিয়ে যা উৎসব করার করো। আমি একটা কথা সোজা ভাবে বলতে চাই। তুমি বিশ্বের সেরা কোচ আনতে পারো, সেরা চেয়ারম্যান আনতে পারো। কিন্তু এ দেশের ক্রিকেটারেরা একই থেকে যাবে। কোনও নতুন ক্রিকেটার উঠে আসছে না।”
আক্রমের সংযোজন, “আমাদের মানসিকতা নিয়ে কথা বলা দরকার। আমরা নাকি প্রতিভাবান! তা হলে ইংল্যান্ডের কাছে এ ভাবে পর্যুদস্ত হলাম কী করে? তার পরেও ইসলামাবাদে পাঁচ হাজার লোক আসছে ওকে বরণ করতে। গোটা গ্রাম ফুলের মালা নিয়ে এসেছে। এতেই আমাদের মানসিকতা বোঝা যাচ্ছে। আমরা মাঝারি মানের ফলকেই ভবিতব্য ধরে নিয়েছি।”
আরও পড়ুন:
দ্বিতীয় টেস্টে হারের পর পাকিস্তানের ক্রিকেট দলের সাত জনকে দেশে ফিরিয়ে আনা হয়। সাত জনকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে রাজ়াউল্লাহ ছিলেন। খোদ অধিনায়ক বাবর আজ়ম পর্যন্ত জানিয়েছিলেন, টেস্টের আগে রাজ়াউল্লাহ সম্পর্কে বিশেষ কিছুই জানতেন না।