Advertisement
E-Paper

বিদ্রোহী রিজ়ওয়ানের মুখে তালা লাগাল পাকিস্তান, নকভির নির্দেশে পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্ক

পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজ়ওয়ান নতুন বিতর্কে জড়ালেন। তাঁকে মুখ খুলতে নিষেধ করেছে পিসিবি। ফলে নিজের কথা বলার থাকলেও তা পারছেন না রিজ়ওয়ান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩২
cricket

মহম্মদ রিজ়ওয়ান। — ফাইল চিত্র।

ইংল্যান্ড সিরিজ় থেকেই বিতর্কে রয়েছেন মহম্মদ রিজ়ওয়ান। তাঁর বিরুদ্ধে জাতীয় সাইবার অপরাধ দমন সংস্থার তদন্ত চলছে। সম্প্রতি তিনি তদন্ত নিয়ে মুখ খুলেছিলেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে স্পষ্ট নির্দেশ দিয়েছে, এ বিষয়ে আর মুখ খুলতে পারবেন না তিনি। বোর্ড অনুমতি দিলে তবেই কথা বলতে পারবেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রিজ়ওয়ান নিজের বক্তব্য জানাতে চেয়েছিলেন সংবাদমাধ্যমের সাহায্যে। ইংল্যান্ড সিরিজ়ে ঠিক কী হয়েছিল সে সম্পর্কে বলতে চেয়েছিলেন। কিন্তু পিসিবি দু’বার সেই অনুমতি খারিজ করে দিয়েছে। জানিয়েছে, রিজ়ওয়ান এখনই ওই ব্যাপারে কথা বলতে পারবেন না।

পিসিবি-র তরফে জানানো হয়েছে, রিজ়ওয়ান এখনও বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার। তাই বোর্ডের ব্যাপারে কোনও কথা বলতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে। যদিও রিজ়ওয়ান চুক্তিতে একটি আইনের উল্লেখ করেছেন যে, বোর্ড এবং সংশ্লিষ্ট ক্রিকেটারের মধ্যে ‘মৌখিক সহযোগিতা’র ভিত্তিতে কথা বলার নির্দেশ দেওয়া হয়ছে। রিজ়ওয়ান চেয়েছেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রকাশ্যে জবাব দিতে। পাশাপাশি আইসিসি-কে যে চিঠি পাঠিয়েছেন তাঁর ব্যাপারেও কথা বলতে চেয়েছেন। কিন্তু কোনওটিরই অনুমতি মেলেনি।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এই তদন্ত নিয়ে এখনও মুখ খোলেননি। যে হেতু তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী, তাই সাইবার অপরাধ দমন সংস্থার কাজকর্মও তাঁর দফতরের অধীনেই পড়ে। এর আগে রিজ়ওয়ানের একটি চিঠি ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনা রুখতে মরিয়া নকভি।

উল্লেখ্য, কিছু দিন আগে আইসিসি-কে পাঠানো চিঠিতে রিজ়ওয়ান লিখেছিলেন, “ক্রিকেটার হিসাবে আমি পাকিস্তানের জন্য নিজের সেরাটা দিয়েছি। সক্রিয় ক্রিকেটার হওয়া সত্ত্বেও আমার বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে তা আইসিসি-র দুর্নীতি দমন শাখাকে জানানো হয়নি। কেন সাইবার অপরাধ তদন্তকারী সংস্থা এই বিষয়ের তদন্ত করছে সেটাই বুঝতে পারছি না। আমার বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে তার বিস্তারিত তথ্য আমাকে দেওয়া হোক। তা হলে আমি নিজেও তদন্তে সাহায্য করতে পারব।”

Mohammad Rizwan Mohsin Naqvi Pakistan Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy