Advertisement
E-Paper

জল্পনার অবসান, ধোনিদের নতুন কোচ জ়াহির, গোয়েন‌্কার লখনউ থেকে ছাঁটাই হওয়া মেন্টরকে দায়িত্ব দিল চেন্নাই

২০১৯ সালে জ়াহির খানকে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন করেন। ২০২৫ সালে মেন্টর হিসাবে জ়াহির যোগ দিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসে। এই প্রথম আইপিএলের কোনও দলের প্রধান কোচ হলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০০
Picture of Cricket

জ়াহির খান। — ফাইল চিত্র।

আগামী আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে জ়াহির খানকে। চেন্নাই সুপার কিংসের কোচ হলেন প্রাক্তন জোরে বোলার। স্টিফেন ফ্লেমিং ইস্তফা দেওয়ার পর মহেন্দ্র সিংহ ধোনিদের পরবর্তী কোচের নাম নিয়ে নানা জল্পনা চলেছে। শেষ পর্যন্ত সোমবার চেন্নাই কর্তৃপক্ষ জ়াহিরের নাম নতুন কোচ হিসাবে ঘোষণা করলেন।

২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত চেন্নাইয়ের কোচ ছিলেন ফ্লেমিং। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমেও ফ্লেমিং ছিলেন চেন্নাইয়ের ক্রিকেটার এবং কোচ। গত আইপিএলের পর তিনি দায়িত্ব ছাড়েন। তিনি এখন ইংল্যান্ডের টেস্ট দলের কোচ। ফ্লেমিং ইস্তফা দেওয়ার পর থেকে চেন্নাইয়ের কোচের পদ ফাঁকা ছিল। শেষ পর্যন্ত জ়াহিরকে বেছে নিলেন চেন্নাই কর্তৃপক্ষ। প্রথম ভারতীয় হিসাবে চেন্নাইয়ের প্রধান কোচের দায়িত্ব নিলেন জ়াহির। ১৮ বছর পর নতুন কোচ পেলেন ধোনিরা। আপাতত ২০২৭ সালের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে জ়াহিরকে।

২০১৭ সালে শেষ আইপিএল খেলেন জ়াহির। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন জ়াহির। ১০০টি আইপিএল ম্যাচে ১০২টি উইকেট রয়েছে তাঁর। ২০১৯ সালে তাঁকে মুম্বই কর্তৃপক্ষ ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন করেন। ২০২৫ সালে মেন্টর হিসাবে জ়াহির যোগ দিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসে। এই প্রথম তাঁকে আইপিএলের কোনও দলের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে।

চেন্নাইয়ের কোচ হয়ে উচ্ছ্বসিত জ়াহির বলেছেন, ‘‘আইপিএলের সবচেয়ে সফল দলের সঙ্গে যুক্ত হতে পারা সম্মানের। ক্রিকেটার হিসাবে মাঠে চেন্নাইয়ের মুখোমুখি হয়েছি। মাঠের সেই সব লড়াই দারুণ উপভোগ করেছি। চেন্নাইয়ের সমর্থকেরা চিপকে যে আবহ তৈরি করেন, সেটা দুর্দান্ত। ইতিহাস সমৃদ্ধ আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িটিতে যোগ দেওয়ার জন্য আর তর সইছে না।’’

চেন্নাই কর্তৃপক্ষের তরফে রূপা গুরুনাথ জ়াহিরকে দলে স্বাগত জানিয়ে বলেছেন, ‘‘জ়াহির খান চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ হওয়ায় আমরা খুশি। জ়াহিরের বর্ণাঢ্য খেলোয়াড়জীবন এবং তরুণ প্রতিভা বিকাশে তাঁর প্রমাণিত দক্ষতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জ়াহিরের পরিচালনা আমাদের ফ্র্যাঞ্চাইজ়ির মূল ভিত্তিকে আরও শক্তিশালী করবে বলেই আমাদের বিশ্বাস।’’

সিএসকের ম্যানেজিং ডিরেক্টর কাশী বিশ্বনাথন বলেছেন, ‘‘জ়াহির খান বিশ্বমানের বোলার ছিল এবং বহু তরুণ ক্রিকেটারের মেন্টর। অনেক বছর ধরে জোরে বোলারদের নিয়ে কাজ করছে। ক্রিকেটার হিসাবে ভারতের প্রচুর সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জ়াহিরের। দেশের অন্যতম সেরা ক্রিকেট মস্তিষ্ক। জ়াহিরে যোগদানে আমরা উৎসাহিত।’’

CSK Zaheer Khan MS Dhoni

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy