Advertisement
E-Paper

ইমাম, রিজ়ওয়ানকে তলব পাকিস্তানের সাইবার অপরাধ দমন সংস্থার, বাজেয়াপ্ত মোবাইল, ফের ম‍্যাচ গড়াপেটার গন্ধ পাক ক্রিকেটে

পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্ক। দুই ক্রিকেটারকে আচমকাই ডেকে পাঠাল জাতীয় সাইবার অপরাধ তদন্তকারী সংস্থা। পাকিস্তানের এক সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৬
cricket

ইমাম উল হক এবং মহম্মদ রিজ়‌ওয়ান। — ফাইল চিত্র।

পাকিস্তানের ক্রিকেটে নতুন করে বিতর্ক দেখা দিল। দুই ক্রিকেটারকে আচমকাই ডেকে পাঠাল জাতীয় সাইবার অপরাধ তদন্তকারী সংস্থা (এনসিসিআইএ)। তাঁদের মোবাইল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তানের এক সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

ওই দুই ক্রিকেটার হলেন মহম্মদ রিজ়ওয়ান এবং ইমাম উল-হক। তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট খেললেও সিরিজ হারের পর ফেরত পাঠানো হয়েছে দেশে। আগেই তাঁদের মোবাইল বাজেয়াপ্ত করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বার তারা সেই ফোন দু’টি জমা দিয়েছে এনসিসিআইএ-র কাছে। সেই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই ডেকে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, দুই ক্রিকেটারকে তলব করে বিজ্ঞপ্তি পাঠিয়েছে এনসিসিআইএ। একটি তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আরও এক ক্রিকেটার নোটিশ পেয়েছেন বলে জানা গিয়েছে। তবে তাঁর নাম প্রকাশ্যে আসেনি।

সূত্রের খবর, ক্রিকেটারদের মোবাইল ফোন থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তার বিশ্লেষণ করা হবে। তদন্তের স্বার্থে তা খতিয়ে দেখা হবে। কেন ক্রিকেটারদের থেকে মোবাইল নিয়ে নেওয়া হল তা আনুষ্ঠানিক ভাবে জানায়নি পিসিবি বা এনসিসিআইএ। তবে সন্দেহ করা হচ্ছে, গড়াপেটায় যুক্ত থাকতে পারেন দুই ক্রিকেটার। তাই জিজ্ঞাসাবাদ করা হবে।

ইংল্যান্ডে দুই ক্রিকেটারই খুব খারাপ খেলেছেন। রিজ়ওয়ানের আউট হওয়ার ধরন বার বার নজরে এসেছে। অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন। রিজ়ওয়ান নিজে অবশ্য জবাব দেননি।

ইমাম গোড়ালির চোটের অজুহাত দিয়ে লর্ডস টেস্টে ব্যাট করতে চাননি। যদিও নেটে তাঁকে সাবলীল ভাবে ব্যাট করতে দেখা যায়। ক্যামেরা দেখলেই তিনি খোঁড়াচ্ছিলেন। ক্যামেরা না থাকার সময়ে স্বাভাবিক আচরণ করছিলেন। এমনকি দেশে ফেরার পর বিমানবন্দরেও তাঁকে সাবলীল ভাবে হাঁটতে দেখা গিয়েছে। মনেই হয়নি গোড়ালিতে কোনও চোট রয়েছে।

Pakistan Cricket Imam ul Haq Mohammad Rizwan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy