বাংলাদেশের কাছে টেস্ট হেরে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে লজ্জার নজির গড়েছেন প্যাট কামিন্স। গ্রেগ চ্যাপেলের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট অধিনায়ক হিসাবে নজিরটি গড়েছেন কামিন্স।
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। এই প্রথম দেশের মাটিতে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলল অস্ট্রেলিয়া। আর প্রথম ম্যাচেই লজ্জার হার। এই নিয়ে বাংলাদেশের কাছে দু’বার হারল টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল। নাজমুল হোসেন শান্তের দলের কাছে হারার পর সমালোচনায় বিদ্ধ অস্ট্রেলিয়া দল। এর মধ্যেই কামিন্সের লজ্জা বাড়িয়েছে একটি নজির।
২০২১-২২ মরসুমের অ্যাশেজ় সিরিজ় থেকে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন কামিন্স। এই নিয়ে এশিয়ার দ্বিতীয় দেশের কাছে ঘরের মাঠে টেস্ট হারলেন অধিনায়ক হিসাবে। ২০২৪ সালের নভেম্বরে পার্থে ভারতের কাছে টেস্ট হেরেছিলেন অধিনায়ক কামিন্স। বাংলাদেশের কাছে হেরে তিনি স্পর্শ করেছেন চ্যাপেলের লজ্জার নজির।
আরও পড়ুন:
ডারউইন টেস্টের আগে চ্যাপেল ছিলেন একমাত্র অস্ট্রেলীয় অধিনায়ক, যিনি ঘরের মাঠে এশিয়ার দু’টি দেশের কাছে ঘরের মাঠে টেস্ট হেরেছিলেন। অধিনায়ক চ্যাপেল ১৯৭৭ সালের জানুয়ারিতে সিডনিতে এবং ১৯৮১ সালের ডিসেম্বরে মেলবোর্নে পাকিস্তানের কাছে টেস্ট হেরেছিলেন। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে মেলবোর্নে হারেন ভারতের কাছে। তাঁর এই লজ্জার নজিরে নাম জুড়ে গেল কামিন্সেরও।