Advertisement
E-Paper

ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের ক্রিকেটারদের ভাবা হল ‘উদ্বাস্তু’! হোটেলের বাইরে মুখোশধারীদের বিক্ষোভ

ইংল্যান্ডের পোর্টসমাউথে খেলতে গিয়েছেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারেরা। সেখানেই তাঁদের ‘উদ্বাস্তু’ ভেবে বিক্ষোভ দেখান স্থানীয়েরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৬
cricket

পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি: এক্স।

পাকিস্তানের বড়দের দল যখন ইংল্যান্ডের মাটিতে বার বার লজ্জায় পড়ছে, তখনই বিতর্ক পাকিস্তানের আর এক দলকে ঘিরে। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ‘উদ্বাস্তু’ ভেবে বসেন একদল মানুষ। তাঁরা যে হোটেলে রয়েছেন, সেই হোটেলের বাইরে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এই ঘটনায় তৈরি হয়েছে নতুন বিতর্ক।

ইংল্যান্ডের পোর্টসমাউথে খেলতে গিয়েছেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারেরা। সেখানেই তাঁদের ‘উদ্বাস্তু’ ভেবে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। খেলতে গিয়ে ম্যারিয়ট হোটেলে রয়েছেন ক্রিকেটারেরা। হোটেলের বাইরে প্রায় ৪০ জন জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল। ক্রিকেটারদের হোটেল থেকে বার করার দাবি জানাতে থাকেন তাঁরা।

স্থানীয় প্রশাসক জর্জ ম্যাডউইকের কাছে খবর যায়। তিনি সেখানে পৌঁছে হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলেন। জানতে পারেন, যাঁদের ঘিরে বিক্ষোভ হচ্ছে, তাঁরা প্রত্যেকে পাকিস্তানের ক্রিকেটার। দলের কোচের কাছে ক্রিকেটারদের নথিও খতিয়ে দেখেন জর্জ। তাঁর হস্তক্ষেপে বিক্ষোভ থামে।

এই প্রসঙ্গে ইংল্যান্ডের সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-কে জর্জ বলেন, “আমি সব খতিয়ে দেখার পর বিক্ষোভকারীদের বলি, আপনারা ভুল করছেন। সব কথা শুনে সঙ্গে সঙ্গেই বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান। আর কোনও সমস্যা হয়নি।”

কিন্তু কেন ক্রিকেটারদের ‘উদ্বাস্তু’ ভেবে ভুল করলেন স্থানীয়েরা। জানা গিয়েছে, যে গাড়িতে করে তাঁদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়িতে সাধারণত উদ্বাস্তুদের নির্দিষ্ট আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই কারণেই স্থানীয়েরা ভুল ভেবেছিলেন। তাই বিক্ষোভ দেখান তাঁরা।

উদ্বাস্তু-বিতর্কে জেরবার পোর্টসমাউথ। কয়েক দিন আগেই ফ্রান্স থেকে নৌকায় শয়ে শয়ে মানুষ সেখানে যান। রাস্তায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষও হয়েছে। ফলে পুরো শহরে পরিস্থিতি উত্তপ্ত। এই পরিস্থিতিতে সেখানে পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে বিতর্ক তৈরি হল।

Pakistan Cricket Team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy