ক্রিকেটার, কোচের পর এ বার দলের মালিক হয়ে গিয়েছেন রাহুল দ্রাবিড়। ইউরোপের টি-টোয়েন্টি লিগের দল ডাবলিস গার্ডিয়ান্স কিনেছেন তিনি। সেই দলে একেবারে মালিকের মতো ব্যবহার করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। সম্প্রতি সেই কথা খোলসা করেছেন ডাবলিনের কোচ বিক্রম রাঠোর। প্রাক্তন সতীর্থকে অন্য ভূমিকায় দেখে চমকে গিয়েছেন তিনি।
বিক্রম জানিয়েছেন, ইউরোপের লিগে ডাবলিন টানা পাঁচটি ম্যাচ না জিততে পারলেও কখনও দ্রাবিড়ের ভূমিকায় পরিবর্তন হয়নি। তিনি বলেছেন, “রাহুল দলমালিকের মতো আচরণ করছে। মানে ও দলের ব্যাপারে নাক গলাচ্ছে না। দেখে ভালই লাগছি। আসলে মাথার উপরে ওর মতো একজন মানুষ রয়েছে এটা দেখে ভাল লাগছে। কোচ হিসাবে অনেকটা সময় কাটিয়েছে। তাই ও জানে ফলাফল বিরুদ্ধে যেতেই পারে। প্রতিযোগিতার শুরুর দিকে বরাবর আমাদের পাশে থেকেছে। তখন আমরা জিততেও পারছিলাম না। প্রথম পাঁচটা ম্যাচ আমরা জিততে পারিনি। কিন্তু রাহুলের সমর্থন কখনও কমেনি।”
ডাবলিন দলকে নেতৃত্ব দিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি এখন প্রথম সারির ক্রিকেট খেলেন না। রাঠোরের দাবি, প্রতি দিনের ক্রিকেটীয় কাজকর্ম পুরোটাই নিজের কাঁধে তুলে নিয়েছেন অশ্বিন। বিপক্ষকে হারানোর কৌশল তৈরি থেকে শুরু করে দল নির্বাচন, সবই তিনি নিজে করছেন। দ্রাবিড় কোনও দিন সেই ব্যাপারে মাথা ঘামাননি।
আরও পড়ুন:
রাঠোরের কথায়, “ক্রিকেট এবং ক্রিকেটারদের ব্যাপারে অশ্বিনের জ্ঞান অনেক বেশি। আসলে ও ক্রিকেট অনুরাগী। আমি ওকে এ ভাবেই ডাকি। প্রচুর ক্রিকেট দেখে। ফলে গোটা বিশ্বের ক্রিকেটারদের ব্যাপারে অনেক জ্ঞান রয়েছে ওর। এই গুণটা অসাধারণ।”