বৈভব সূর্যবংশীকে বসিয়ে রেখে কেন সঞ্জু স্যামসনকে খেলানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ক্রিকেটপ্রেমীরা তো বটেই, প্রাক্তন ক্রিকেটারদের একাংশও প্রশ্ন তুলছেন। সেই সঞ্জুই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪১ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন। দলকে জেতাতে না পারলেও তাঁর ব্যাট জবাব দিয়েছে সমালোচকদের। যদিও সঞ্জু নিজে প্রতিযোগিতা বা তুলনায় নারাজ।
শুক্রবার ম্যাচের পর সঞ্জুকে প্রশ্ন করা হয়, ‘‘রান না পেলে কেমন লাগে আপনার? সমালোচকদের জবাব দিলেন। আপনার শেষ চারটি টি-টোয়েন্টি ম্যাচের সঙ্গে ৮২ রানের ইনিংসের পার্থক্য কী?’’ সঞ্জু বলেছেন, ‘‘আমার মনে হয় না কোনও পার্থক্য রয়েছে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করি। নিশ্চিত ভাবে পেশাদার দিকটির খেয়াল রাখতে হয়। দেখুন, আপনি প্রস্তুতি নিতে পারেন। অনুশীলন করতে পারেন। প্রশিক্ষণ নিতে পারেন। আপনার সাধ্যের মধ্যে যা যা রয়েছে, সব কিছু করতে পারেন।’’ সঞ্জু আরও বলেছেন, ‘‘তবে সত্যি বলতে, আমরা সকলে জানি ক্রিকেটের এই ফরম্যাটে ফলাফল কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। একাই উপায়, চেষ্টা করা। তাই তিনটে ইনিংসে রান পেলেও বলার সুযোগ নেই তার পরের ইনিংসটা একটু ধীরে খেলব। উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে রান তোলার গতি বাড়াব।’’
নিজের পারফরম্যন্স নিয়ে সঞ্জু খুশি। তিনি বলেছেন, ‘‘আমি সম্পূর্ণ ঠিক আছি। রান না পাওয়ার জন্য অন্য কাউকে তো দোষ দিতে পারি না। দায় সম্পূর্ণ আমারই। রান করাটাই আমার কাজ। মাঠে নামলে সব সময় সেই চেষ্টাই করি।’’
আরও পড়ুন:
২০২৬ সালে সঞ্জু যে টি-টোয়েন্টি ম্যাচগুলিতে অন্তত ১৫টি বল খেলেছেন তার প্রতিটিতে অর্ধশতরান করেছেন। ২০ ওভারের ক্রিকেটের একটি বা দু’টি ম্যাচের পারফরম্যান্স নিয়ে ভাবেন না সঞ্জু। প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামেন।