Advertisement
E-Paper

২৪৯ রান করেও হার! ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হারতেই মুখ খুললেন শ্রেয়স, কাকে দুষলেন ভারতীয় দলের অধিনায়ক?

টি-টোয়েন্টি ক্রিকেটে ২৪৯ রান কম নয়। তা-ও ৯ বল বাকি থাকতেই ভারতকে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। শুক্রবার দলের এই ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন শ্রেয়স আয়ার। জানিয়েছেন হারের কারণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১৩:১০
Picture of Cricket

শ্রেয়স আয়ার। ছবি: এক্স।

২৪৯ রান তুলেও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হেরে গিয়েছে ভারত। ৯ বল বাকি থাকতেই ক্যারিবিয়ানেরা ম্যাচ জিতে নিয়েছে। দলের হারের জন্য কোনও সতীর্থকে দায়ী করেননি শ্রেয়স আয়ার। ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের দাবি, অতিরিক্ত শিশিরই তাঁদের হারের কারণ।

২৪৯ রান তুলেও কেন হারতে হল? টি-টোয়েন্টি ক্রিকেটে এই রান তো কম নয়। হারের পর শ্রেয়স এই প্রশ্নের উত্তরে বলেছেন, ‘‘কত রান তুললে জয় নিশ্চিত হবে, তা বলা যায় না। বিশেষ করে মাঠে এত শিশির পড়লে পরিস্থিতি কঠিন হয়ে যায়। পরিস্থিতি এমনই ছিল যে, ওয়েস্ট ইন্ডিজ় প্রায় ২ ওভার হাতে রেখেই সফল ভাবে ২৪৯ রান তাড়া করে ফেলল। তা ছাড়া এই ধরনের পিচে ব্যাটারেরা ভুল করে না বললেই চলে। সামান্য ভুল হলেও বল গ্যালারিতে গিয়ে পড়তে পারে।’’

কঠিন পরিস্থিতির কথা বলার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ব্যাটারের প্রশংসা করেছেন শ্রেয়স। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘শাই হোপ এবং শার্ফেন রাদারফোর্ড দুর্দান্ত ফর্মে রয়েছে। প্রতি ম্যাচেই অসাধারণ ব্যাট করছে। ওদের কৃতিত্বকে কুর্নিশ করা ছাড়া উপায় নেই। আমাদেরও সঞ্জু স্যামসন, ময়ঙ্ক যাদব ভাল পারফর্ম করেছে। অভিষেক শর্মাও শুরুটা ভালই করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা পারিনি।’’ উল্লেখ্য, শুক্রবারের ম্যাচে হোপ ৪৫ বলে অপরাজিত ১০২ রানের এবং রাদারফোর্ড ৩৭ বলে ৮৪ রানের ইনিংস খেলেছেন।

অতিরিক্ত শিশির এবং ওয়েস্ট ইন্ডিজ়ের আগ্রাসী ব্যাটিংকে হারের কারণ হিসেবে জানালেও কোনও সতীর্থের ঘাড়ে দায় চাপাতে চাননি শ্রেয়স। তাঁর মতে, ক্রিকেট দলগত খেলা। সাফল্য এবং ব্যর্থতাও দলগত। কাউকে আলাদা করে চিহ্নিত করার কোনও অর্থ হয় না।

শুক্রবার প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৪৯ রান তোলে ভারত। ৪১ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন সঞ্জু। জবাবে ১৮.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ় করে ৪ উইকেটে ২৫২ রান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় এখন ১-১।

India Vs West Indies T20I Shreyas Iyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy