Advertisement
E-Paper

শ্রীলঙ্কার গল-দুর্গে ফাটল, ১৬৫ রানে জিতে টেস্ট বিশ্বকাপ ফাইনালের দৌড়ে ভারত, ৬ উইকেটে নায়ক মানব, চিন্তা শুভমন-যশস্বীর ফর্ম

শুরু থেকেই ভাল খেলছিল তারা। প্রত্যাশামতোই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে নিল ভারত। বুধবার টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের বাকি ছ’টি উইকেট ফেলে দিল তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ১৩:২২
cricket

শুভমনের সঙ্গে উল্লাস মানবের (বাঁ দিকে)। ছবি: সমাজমাধ্যম।

শুরু থেকেই ভাল খেলছিল তারা। প্রত্যাশামতোই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে নিল ভারত। বুধবার টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের বাকি ছ’টি উইকেট ফেলে দিল তারা। টেস্ট জিততে শ্রীলঙ্কার দরকার ছিল ৩৭২ রান। তাদের ইনিংস শেষ হয়ে যায় ২০৬ রানেই। ভারত জিতেছে ১৬৫ রানে। মানব সুতার এক ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শ্রীলঙ্কার শেষ চারটি উইকেট ফেলেন তিনিই।

সারাংশ জৈন না মানব, কাকে প্রথম টেস্টে খেলানো হবে তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। শেষমেশ শিকে ছেঁড়ে মানবের। সুযোগ পেয়েই আস্থার দাম রাখলেন এই বাঁহাতি স্পিনার। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেন তিনি। এক সময় গলে রাজ করেছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। সোমবার গল দেখল আর এক বাঁহাতি স্পিনারের দাপট। পঞ্চম দিনে লড়াই করার আপ্রাণ চেষ্টা করেছে শ্রীলঙ্কা। কিন্তু দু’ওভারে চারটি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে একাই শেষ করে দেন মানব।

টেস্ট জিতলেও ভারতের চিন্তা থাকবে শুভমন গিল এবং যশস্বী জয়সবালের ফর্ম নিয়ে। শুভমন প্রথম ইনিংসে ১৬ করার পর দ্বিতীয় ইনিংসে ৮ রান করেন। যশস্বী দুই ইনিংসে যথাক্রমে ৩২ এবং ০ রান করেছেন। দু’জনের খারাপ ফর্মের কারণে টপ অর্ডার বেশি অবদান রাখতে পারেননি। দেবদত্ত পডিক্কলের ইনিংসের সৌজন্যে বড় রান তোলা গিয়েছে। দ্বিতীয় ইনিংসের ব্যাটিংও ভাল হয়নি ভারতের।

চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৮৪/৪। সেখান থেকে খেলা শুরু করেন ধনঞ্জয় ডি’সিলভা এবং সোনাল দিনুশা। দু’জনে ক্রিজ় কামড়ে পড়ে থাকেন দীর্ঘ ক্ষণ। সব রকম চেষ্টা সত্ত্বেও উইকেট পাচ্ছিল না ভারত। অবশেষে সাফল্য এনে দেন রবীন্দ্র জাডেজা। ১৫১ বলে ৫৯ রান করে মানবের হাতে ক্যাচ দেন ধনঞ্জয়।

প্রথম ইনিংসে অর্ধশতরান করা নিরোশান ডিকওয়েলাও (১০) ভাল খেলতে পারেননি। তাঁকে তুলে নেন প্রসিদ্ধ কৃষ্ণ। জমে যাওয়া ধনঞ্জয় ফিরলেও দিনুশাকে কিছুতেই নড়ানো যাচ্ছিল না। স্পিনার হোক বা পেসার, সকলের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছিলেন তিনি। যোগ্য সঙ্গত দেন কেশর নুয়ান্তা। তাঁর কাজই ছিল ধীরেসুস্থে নিজের বল খেলা এবং দিনুশাকে বেশি করে খেলার সুযোগ করে দেওয়া। মধ্যাহ্নভোজে হতাশা নিয়েই সাজঘরে ফেরে ভারতীয় দল।

মধ্যাহ্নভোজের বিরতিই শ্রীলঙ্কার মনঃসংযোগে সম্ভবত ব্যাঘাত ঘটিয়েছিল। দিনুশা-নুয়ান্তা ক্রিজ়‌ে ২০ মিনিট কাটান। তার পরেই সাফল্য। ৭৬তম ওভারের প্রথম বলে দিনুশাকে (৮৪) ফেরান মানব। সামনের পায়ে এগিয়ে এসে খেলতে গিয়েছিলেন দিনুশা। লেগ গালিতে ক্যাচ ধরেন ধ্রুব জুরেল।

সফলতম ব্যাটার ফিরে যাওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কা। ওই ওভারেই আরও দু’টি উইকেট নেন মানব। দ্বিতীয় বলেই আউট করেন প্রভাত জয়সূর্যকে। লাহিরু কুমারা তিনটি বল খেলার পর মানবের ষষ্ঠ বলে ক্যাচ দেন ঋষভ পন্থের হাতে।

এর পর জাডেজার ওভারে একটি রিভিউ নষ্ট করে ভারত। হাতে আর কোনও রিভিউ ছিল না। কিন্তু লড়াই করা আর এক ব্যাটার নুয়ান্তাকে ৭৮তম ওভারেই তুলে নেন মানব। চতুর্থ বলে বোল্ড হতেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়।

India vs Sri Lanka Shubman Gill Yashasvi Jaiswal BCCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy