শেষ হাসি হাসলেন টেম্বা বাভুমারাই। কেপটাউনে অস্ট্রেলিয়াকে ১৯৬ রানে হারিয়ে টেস্ট সিরিজ় জিতল সাউথ আফ্রিকা। সেই সঙ্গে আইসিসি ক্রমতালিকায় ১ নম্বর টেস্ট দল হল তারা।
হিসেব স্পষ্ট ছিল। কেপটাউনে জিতে সিরিজ় নিজেদের নামে করতে হলে ২৮৮ রান করতে হল অস্ট্রেলিয়াকে। এই মাঠে অতীতে ৩০০-র বেশি রান তাড়া করে টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। ফলে তাদের হিসেবের বাইরে রাখা যাচ্ছিল না। কিন্তু সাইমন হারমার দেখিয়ে দিলেন স্পিনের কামাল। তাঁর ৬ উইকেটে ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং।
এই পিচেই আগের তিন ইনিংসে দু’বার ৩০০-র বেশি ও এক বার ৪০০-র বেশি রান হয়েছে। কিন্তু সেখানেই চতুর্থ ইনিংসে হিমশিম খেলেন অসি ব্যাটারেরা। শুরুটা করলেন কাগিসো রাবাডা। প্রথম ওভারেই ম্যাট রেনশ (০) ও মার্নাস লাবুশেনকে (৪) আউট করলেন তিনি। ট্রেভিস হেডও (১৪) রাবাডার শিকার। হারমার জয়ের নায়ক হলেও ভিতটা গড়ে দিলেন রাবাডা।
বাকিটা হারমারের জাদু। একমাত্র ক্যামেরন গ্রিন (২৭) ছাড়া মিডল অর্ডারের কেউ রান পাননি। প্রথম ইনিংসে শতরান করা জশ ইংলিস ৪ রানের মাথায় ভুল বোঝাবুঝিতে রান আউট হন। তাতে বড় ধাক্কা খান প্যাট কামিন্সেরা।
আরও পড়ুন:
শেষ দিকে মিচেল স্টার্ক, কামিন্স ও নেথান লায়ন হার বাঁচানোর অনেক চেষ্টা করেন। কিন্তু পারেননি। ৩৩ রান করে অপরাজিত থাকেন লায়ন। ২১.১ ওভারে ১৪ মেডেন করেন হারমার। ১৬ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসেও তিনি নিয়েছিলেন ৪ উইকেট। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে সাউথ আফ্রিকার জয়ের নায়ক হয়ে উঠলেন হারমার।
কেপটাউনে প্রথম ইনিংসে মার্কাস একারম্যানের ৯৫ রানে ভর করে ৩২৯ রান করেছিল সাউথ আফ্রিকা। জবাবে ইংলিসের ১০২ রানের সাহায্যে ৪২৯ রান করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১০০ রানের লিড পেয়েছিল তারা। সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে করে ৩৮৭ রান। রায়ান রিকেলটন ১০১ ও উইয়ান মুল্ডার ১১৫ রান করেন। কঠিন পরিস্থিতি থেকে দলকে টানেন তাঁরা। অস্ট্রেলিয়ার সামনে ২৮৮ রানের লক্ষ্য দেন বাভুমারা। তাড়া করতে নেমে ১১১ রানে অল আউট হয়ে ম্য়াচ হারেন কামিন্সেরা।