ইতিহাসের পাতায় নাম তুললেন সিকান্দার রাজ়া। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শতরান করে কীর্তি গড়েছেন তিনি। ৫৬ বলে ১০৬ রান করেছেন। পাঁচটি চার এবং ন’টি ছয় মেরেছেন। তাঁর প্রয়াস সত্ত্বেও জিততে পারেনি জ়িম্বাবোয়ে। তারা আফগানিস্তানের কাছে ১৯ রানে হেরে গিয়ে সিরিজ় খুইয়েছে।
জ়িম্বাবোয়ের প্রথম ব্যাটার হিসাবে টি-টোয়েন্টিতে দু’টি শতরান করলেন রাজ়া। তবে ইতিহাস গড়েছেন অন্য একটি বিষয়ে। আইসিসি-র পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে এত বেশি বয়সে টি-টোয়েন্টিতে শতরানের নজির আর কারও নেই। রাজ়া এই কীর্তি গড়েছেন ৪০ বছর ১৮৮ দিন বয়সে। ভেঙে দিয়েছেন স্বদেশি সতীর্থ ব্রেন্ডন টেলরের রেকর্ড। গত বছর জ়িম্বাবোয়ের টেলর ৩৯ বছর ২৩৪ দিন বয়সে বৎসওয়ানার বিরুদ্ধে শতরান করেছিলেন।
তার আগে এই নজির ছিল রোহিত শর্মার। তিনি ২০২৪-এ ৩৬ বছর ২৬২ দিন বয়সে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন। পূর্ণ সদস্যের দেশের ক্রিকেটার হিসাবে সকলের আগে এই নজির রয়েছে সাউথ আফ্রিকার মর্নি ফান উইকের। তিনি ২০১৫-য় ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান করেছিলেন ৩৫ বছর ৩০০ দিন বয়সে।
আরও পড়ুন:
আফগানিস্তানের রান তাড়া করতে নেমে ৮২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল জ়িম্বাবোয়ে। সেই সময় লড়াই শুরু করেন রাজ়া। অভিষেককারী তাফাজোয়া সিগার সঙ্গে জুটি বেধে ষষ্ঠ উইকেটে ১২০ রান যোগ করেন। সিগা ২৩ বলে ৩১ রান করেন। তবে আফগানিস্তানের রান ছুঁতে পারেনি জ়িম্বাবোয়ে।