‘হংকং সিক্সেস’ শুক্রবার পাকিস্তানের কাছে হেরেছে ভারত। বেসরকারি প্রতিযোগিতায় এই জয়ে উচ্ছ্বসিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। সমাজমাধ্যমে ক্রিকেটারদের এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অভিনন্দন জানিয়েছেন শরিফ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) স্বীকৃতিহীন প্রতিযোগিতায় জয় নিয়ে পাক প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস দেখে তাঁকে কটাক্ষ করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।
হংকং সিক্সেস প্রতিযোগিতায় প্রতিটি দলে থাকেন সাত জন করে ক্রিকেটার। খেলা হয় ৬ ওভারের। হাতে থাকে পাঁচটি উইকেট। সাধারণত প্রাক্তন ক্রিকেটারেরাই এই প্রতিযোগিতায় খেলেন। যদিও এ বার বেশ শক্তিশালী দল পাঠিয়েছে ভারত। ক্রুণাল পাণ্ড্য, শশাঙ্ক সিংহ, নীতীশ রানা, রাহুল তেওটিয়া, টি নটরাজনদের মতো গিয়েছেন এ বার। ভারতীয় দলে সুযোগ না পেলেও ক্রুণাল, নীতীশেরা এখনও পেশাদার ক্রিকেট খেলেন। এমন ভারতীয় দলের বিরুদ্ধে আব্বাস আফ্রিদিদের জয় নিয়ে উচ্ছ্বসিত পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের জয়ের পর শরিফ সমাজমাধ্যমে লেখেন, ‘‘হংকং সিক্সেসের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪ উইকেটে জয়ের জন্য ছেলেদের অভিনন্দন। এটা দারুন একটা ম্যাচ ছিল। আমি পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকেও শুভেচ্ছা জানাব, এভাবে ক্রিকেটারদের পাশে থাকার জন্য।’’
আরও পড়ুন:
তাঁর অভিনন্দন বার্তা সমাজমাধ্যমে ভেসে ওঠার পরই কটাক্ষ শুরু করে দেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। কেউ প্রশ্ন তুলেছেন, পিসিবির ভূমিকা নিয়ে। আবার কেউ সরাসরি লিখেছেন, ‘‘পাকিস্তানে জাতীয় ছুটি ঘোষণা করে দিন।’’ এক জন লিখেছেন, ‘‘হতাশা কোন মাত্রায় পৌঁছোলে হংকং সিক্সেসে জয় নিয়েও এমন উচ্ছ্বাস দেখা যায়।’’ একজন আবার খোঁচা দিয়ে বলেছেন, ‘‘২ ঘণ্টা আগে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে হারের জন্য অভিনন্দন জানালেন না!’’ এক ক্রিকেটপ্রেমী আবার লিখেছেন, ‘‘‘হংকং সিক্সেসের গুরুত্ব কি বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির থেকেও বেশি প্রধানমন্ত্রী?’’ পাক প্রধানমন্ত্রীকে জোকার বলতেও ছাড়েননি ক্রিকেটপ্রেমীদের একাংশ।