সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন করেছিলেন শ্রেয়স আয়ারেরা। তৃতীয় ম্যাচে সফল বৈভব সূর্যবংশীকে বাদ দেওয়ার কোনও ক্রিকেটীয় কারণ ব্যাখ্যা করেননি ভারতীয় দলের অধিনায়ক। প্রশ্ন উঠেছিল স্পিনারদের না খেলানো নিয়েও। হারের ধাক্কায় পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের প্রথম একাদশ আবার বদল করতে পারে ভারত।
রবিবার হ্যামিল্টনে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউ জ়িল্যান্ড। সিরিজ়ের শেষ ম্যাচের আগে শ্রেয়সেরা এগিয়ে রয়েছেন ৩-১ ব্যবধানে। চতুর্থ ম্যাচে হার ভুলে এই ব্যবধান বাড়িয়ে ৪-১ করাই লক্ষ্য ভারতীয় শিবিরের। সেই লক্ষ্যে রবিবার প্রথম একাদশে পাঁচটি পরিবর্তন করতে পারে ভারত। নিউ জ়িল্যান্ডে গিয়ে একটিও ম্যাচ খেলেননি কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। অর্শদীপ সিংহ, ময়ঙ্ক যাদব, ভুবনেশ্বর কুমারদের বোলিং নিয়ে প্রশ্ন উঠেছে। প্রচুর রান দিয়েছেন জোরে বোলারেরা। সমালোচনা হয়েছে। তবু গৌতম গম্ভীরেরা টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা দুই স্পিনারকে খেলাননি। অবশেষে রবিবার খেলতে পারেন তাঁরা। ভারতীয় শিবির সূত্রে খবর, হ্যামিলটনের প্রথম একাদশে থাকবেন কুলদীপ। খেলানো হতে পারে গোটা সফরে সাজঘরে কাটানো বরুণকেও।
প্রথম একাদশে দেখা যেতে পারে শিবম দুবে এবং ভুবনেশ্বরকেও। এক দিনের সিরিজ়ের আগে বিশ্রাম দেওয়া হতে পারে নীতীশ রেড্ডি এবং অর্শদীপ সিংহকে। প্রথম একাদশে ফিরতে পারে বৈভবও। ঈশান কিশন অথবা সঞ্জু স্যামসনের মধ্যে এক জনকে বিশ্রাম দেওয়া হতে পারে। ঈশানের না খেলার সম্ভাবনাই বেশি। প্রথমত চোট সারিয়ে দলে ফিরে তিনি ০ রান করেছেন। দ্বিতীয়ত, এক দিনের সিরিজ়ের আগে তাঁকে বিশ্রাম দেওয়া।
আরও পড়ুন:
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), বৈভব সূর্যবংশী, শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, নমন ধীর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, ময়ঙ্ক যাদব এবং বরুণ চক্রবর্তী।